দেশে এনজিও দুই রকম, স্বচ্ছ ও অস্বচ্ছ: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসন, স্বচ্ছতা ও বিদেশি তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়কারী একটি কেন্দ্রীয় সংস্থা থাকা উচিত বলে মত দিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।গতকাল রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন ও তাদের সহযোগী সংগঠনগুলোর দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, এনজিওগুলোর কোনো কেন্দ্রীয় সংগঠন না থাকায় সরকারের পক্ষে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও কাজের মূল্যায়ন করা কঠিন হয়ে পড়ে।অনেক বেসরকারি সংস্থার বিভিন্ন দুর্বলতা ও অনিয়মের কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘আমার মতে, দেশে এখন দুই ধরনের এনজিও রয়েছে। কতগুলো হচ্ছে স্বচ্ছ এনজিও এবং কতগুলো অস্বচ্ছ এনজিও। এটি আজ অস্বীকার করার কোনো উপায় নেই যে দেশের অনেক এনজিওতেই এখন জঙ্গি অর্থায়ন হচ্ছে।’মতিয়া চৌধুরী বলেন, আর্থিক অনিয়ম হলে বা প্রকল্পের কাজ সঠিকভাবে না করে চলে যাওয়া সংশ্লিষ্ট এনজিওর কর্মকর্তাদের ধরাও যায় না। এই অনিয়ম বন্ধের জন্য এনজিওগুলোকে কেন্দ্রীয়ভাবে একটি কর্তৃপক্ষের আওতায় আনতে হবে।মানুষের ভাগ্যোন্নয়ন নিশ্চিত করার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, এনজিওর অনেকের গাড়ির মডেল বদল হয়, কিন্তু সুবিধাভোগীদের ভাগ্যের বদল হয় না। তিনি প্রকল্প শেষ হলেই কাজ বন্ধ না করে তা অব্যাহত রাখার পরামর্শ দেন। ভূমিবিরোধকে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে মতিয়া চৌধুরী বলেন, ভূমি রেকর্ড ডিজিটাল করা সম্ভব হলে অনিয়ম-দুর্নীতি বন্ধ হবে। কোনো এনজিও এত দিনেও এ বিষয়ে কিছু না করায় তিনি বিস্ময় প্রকাশ করেন। তবে মন্ত্রী এ-ও বলেন, সরকারকেই এ বিষয়ে অগ্রণী ভূমিকা নিতে হবে।সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। এতে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ সরকারের দাতা সংস্থা ডিএফআইডির বাংলাদেশ প্রধান ক্রিস অস্টিন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ে দূতাবাসের ডেপুটি মিশন প্রধান ব্রাখু কেগ এলভিন।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সরকার মানবাধিকার লঙ্ঘন করলে মানবাধিকার কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে, সেখানেই মানবাধিকার কমিশন ব্যবস্থা নেবে।মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘আমরা সহযোগী সংগঠনগুলোর সঙ্গে কাজ করে মানবাধিকার প্রতিষ্ঠা, জবাবদিহি ও স্বচ্ছতার এমন মডেল তৈরি করতে চাই, যা হবে অনুসরণীয়।’ডিএফআইডির মিশনপ্রধান ক্রিস অস্টিন তহবিল ব্যবস্থাপনায় জবাবদিহির ওপর জোর দিয়ে বলেন, শুধু ব্রিটিশ করদাতাদের দেখাতে নয়, বাংলাদেশের নাগরিকদের স্বার্থেও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।