দেশে এনার্জি ড্রিংকসের মান নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এনার্জি ড্রিংকসের মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। বিএসটিআই থেকে পণ্যের গুণগত মানের সনদ নেওয়াসংক্রান্ত ১৫৫টি বাধ্যতামূলক পণ্যের তালিকায় এনার্জি ড্রিংকস পড়ে না। আজ মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 

সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এনার্জি ড্রিংকস কোমল পানীয়ের শ্রেণিভুক্ত। এতে উচ্চমাত্রার ক্যাফেইন ও অপিয়মসহ অন্যান্য রসায়ন পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিএসটিআই থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 
আবদুল লতিফের অন্য এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে কেমিক্যালের গুদাম স্থানান্তরের জন্য ঢাকার শহরের ১৬ কিলোমিটার দূরে কেরানীগঞ্জের সোনাকান্দায় বিসিকের উদ্যোগে কেমিক্যাল পল্লি স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য ১ হাজার ৪১৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। 
সাংসদ মামুনুর রশীদের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, জামালপুরের যমুনা সার কারখানায় ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত সাতবার ওভারহোলিং করা হয়েছে। এতে সরকারের মোট খরচ হয়েছে ১০৭ কোটি ৬৬ লাখ টাকা। 
সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সরকার উপকূলের ১৩টি স্থানে বায়ুচালিত বিদ্যুৎ প্রকল্প তৈরির কার্যক্রম গ্রহণ করেছে। বেসরকারি উদ্যোগে কক্সবাজারে ৬০ মেগাওয়াট এবং চট্টগ্রামের আনোয়ারায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। 
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।