দেশে এসে আইনি প্রক্রিয়া মোকাবিলা করুন: তারেককে সুরঞ্জিত

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে এসে আইনি প্রক্রিয়া মোকাবিলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, ‘ইন্টারপোলের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। ঘোষণা দিয়ে দেশে আসুন। আদালতের কাছে আত্মসমর্পণ করুন। আত্মসমর্পণ করলে সমস্যার সমাধান আসবেই। আইনি সমস্যা আইনগতভাবে সমাধান করতে হবে।’আজ সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দেশরত্ন পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত এসব কথা বলেন। মুজিব বাহিনীর অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ মরহুম ইলিয়াছ আহমেদ চৌধুরীর (দাদাভাই) স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি সৈয়দা রাজিয়া মোস্তফার সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা সভায় তারেকের উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘তারেক রহমানের সমস্যা কোনো সাংবিধানিক সমস্যা নয়। এটি ব্যক্তিগত সমস্যা। তিনি যদি না আসতে চান, তাহলে সেখানে (লন্ডন) থাকুন। সেখানে তাঁর রাজনীতি করার দরকার কী? কিন্তু নন ইস্যুকে ইস্যু করবেন না।’ তিনি বলেন, ‘তারেক রহমান আসলে কোনো ইস্যু নয়। সমস্যা হচ্ছে হাওয়া ভবন ও হাওয়া ভবনের দুর্নীতি। গণতান্ত্রিক রাজনীতিতে জনগণ আরেকটি হাওয়া ভবন দেখতে চায় না। গণতন্ত্রকে নস্যাত্ করার চক্রান্ত এখনো মানুষ ভুলতে পারেনি।’
বিরোধী দলের উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘সংসদে এসে আপনারা আপনাদের প্রস্তাব দিন। সব ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের অধীনে।’ তিনি বলেন, জাতীয় সংলাপের মাধ্যমে আগামী দিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তবে দেশে নব্বই আর আশির দশকের মতো কোনো নির্বাচন হবে না।
বিরোধী দলকে সংসদে যাওয়ার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘সাংবিধানিক কাঠামোর মধ্যে আলোচনার মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে বের করুন। সাংবিধানিক কাঠামোর মধ্যে প্রস্তাব দিলে সংসদে এটা নিয়ে ভোটাভুটি হবে না। সংসদে সংখ্যাগরিষ্ঠতা কোনো বিষয় হবে না।’
সুরঞ্জিত আরও বলেন, রাজপথে আন্দোলন করে সরকারের পতন হয় না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয়ে থাকে। আগামী দিনেও ক্ষমতা হস্তান্তর হবে নির্বাচনের মাধ্যমে।