দেশে কয়লা উত্তোলন বাড়াতে চায় সরকার
সরকার দেশের খনি থেকে কয়লা উত্তোলন বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে। এর অংশ হিসেবে প্রথমে দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে উত্তোলন বাড়ানোর জন্য এবং ফুলবাড়ী খনি এলাকায় সরকারিভাবে সমীক্ষা চালিয়ে একটি তথ্যভান্ডার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলেছে, বড়পুকুরিয়ার বিদ্যমান খনি এলাকায় সমীক্ষা চালানোর জন্য একটি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগ করার জন্য বলা হয়েছে। বড়পুকুরিয়া খনি কোম্পানি (বিসিএমসিএল) শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।
আর ফুলবাড়ীতে এশিয়া এনার্জির চিহ্নিত খনি এলাকায় সমীক্ষা চালাবে সরকারি প্রতিষ্ঠান ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে জিএসবিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানায়, ফুলবাড়ী খনি এলাকায় এশিয়া এনার্জির পরিচালিত সমীক্ষার প্রতিবেদন সরকারের কাছে রয়েছে। কিন্তু সরকার নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে সমীক্ষা চালিয়ে ক্ষেত্রটি সম্পর্কে সামগ্রিক একটি ধারণা লাভ করতে চায়।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. আবুবকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, বড়পুকুরিয়ার বিদ্যমান খনিটিতে বর্তমানে যে উত্তোলন ব্যবস্থা (স্যাফট) রয়েছে, সে রকম আরও একটি নতুন স্যাফট করা যায় যায় কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা করা গেলে খনিটি থেকে কয়লা উত্তোলন বাড়ানো সম্ভব হবে।
সচিব বলেন, আর ফুলবাড়ী কয়লাক্ষেত্র সম্পর্কে সরকারের নিজস্ব কোনো তথ্য নেই। একটি বিদেশি কোম্পানির সমীক্ষা প্রতিবেদন সরকারের কাছে আছে। কিন্তু সরকার চায় নিজেদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে ক্ষেত্রটি সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নিতে। জিএসবিকে বলা হয়েছে সেই লক্ষ্যে ফুলবাড়ীতে একটি সমীক্ষা চালানোর জন্য, যাতে সেখানকার সার্বিক তথ্য পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে জিএসবির মহাপরিচালক মো. নিহাল উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁরা ফুলবাড়ী খনি এলাকায় ভূপৃষ্ঠের একটি মানচিত্র (সারফেস ম্যাপিং) তৈরি করবেন। কয়লাক্ষেত্র এলাকার কোথায় কতটা জনবসতি আছে, কোথায় কতটা বনভূমি, খাস ও ব্যক্তিমালিকানাধীন জমির পরিমাণ, আবাদি ও অনাবাদি জমির পরিমাণ প্রভৃতি নির্ধারণের জন্য এই জরিপ চালানো হবে।
জিএসবির মহাপরিচালক বলেন, এ ছাড়া কয়েকটি কূপ খনন (বোর হোল) করে খনির অবস্থান, ভূগর্ভে কয়লার অবস্থান, সম্ভাব্য মজুত প্রভৃতি সম্পর্কে একটি প্রতিবেদন প্রণয়ন করা হবে। তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব কাজটি শুরু করবেন।
সরকার বিদ্যুৎ খাতের নতুন মহাপরিকল্পনা (পিএসএমপি) প্রণয়নের যে কাজ শুরু করেছে, তাতে ২০৪০ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ওই ৬০ হাজার মেগাওয়াটের ৪৫ শতাংশ, অর্থাৎ ২৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে কয়লাভিত্তিক কেন্দ্র থেকে। এর মধ্যে আমদানি করা কয়লা যেমন থাকছে, তেমনি দেশীয় কয়লার ব্যবহার বাড়ানোরও পরিকল্পনা থাকছে।
ওই পরিকল্পনা অনুযায়ীই জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারের ‘মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি ২০১৫-১৬ থেকে ২০১৭-১৮’ শীর্ষক প্রতিবেদনে কয়লাক্ষেত্র উন্নয়নে বিশেষ অগ্রাধিকারের কথা ঘোষণা করেছেন। সেখানে তিনি বলেছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও গ্যাস উত্তোলন বাড়ানোর পরই অগ্রাধিকার তালিকায় থাকবে বিকল্প জ্বালানি হিসেবে কয়লাক্ষেত্রের উন্নয়ন।
সরকার এই নীতি বাস্তবায়নের লক্ষ্যেই দেশের কয়লাখনি ও ক্ষেত্রগুলো থেকে উত্তোলন বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে বলে মন্ত্রণালয়ের সূত্রগুলো বলেছে।