বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজারে নারীদের অংশগ্রহণ বাড়ছে। তবে বাংলাদেশে তা বাড়লেও হার খুব বেশি নয়। ৩০ বছরে বাংলাদেশে বেড়েছে মাত্র ২ শতাংশ। বিশ্বব্যাংক প্রকাশিত ‘বৈশ্বিক উন্নয়ন প্রতিবেদন ২০১২’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮০ সালে যেখানে নারীদের কর্মসংস্থানের বাজারে প্রবেশের হার ছিল ৫৬ দশমিক ৫ শতাংশ, ২০০৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৭ শতাংশে।প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের নারী-পুরুষের সমতা ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্বব্যাংক। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে প্রধান অতিথি ছিলেন।প্রতিবেদনটির সহপরিচালক সুধীর শেঠি নারী-পুরুষের সমতা ও উন্নয়নের সার্বিক বিষয় তুলে ধরেন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নারীরা পুরুষের তুলনায় কম পরিমাণ মজুরি বা বেতন পায়। একজন পুরুষ যেখানে এক ডলার আয় করে, নারী সেখানে মেক্সিকোতে ৮০ সেন্ট, জার্মানিতে ৬২ সেন্ট, নাইজেরিয়াতে ৬০ সেন্ট, শ্রীলঙ্কায় ৫০ সেন্ট আয় করে। অথচ বাংলাদেশের নারীরা আয় করে মাত্র ১২ সেন্ট।প্রতিবেদনে জাতীয় সংসদে নারীদের হার ১৯ শতাংশ উল্লেখ করে বলা হয়েছে, এশিয়ার গড় হার এ রকম হলেও বৈশ্বিক গড়ের তুলনায় তা কম।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এখনো বাল্যবিবাহ আছে। শরিয়তের নাম ভাঙিয়ে কিছু লোক জটিলতা তৈরি করে। প্রশ্ন হলো, এগুলো কীভাবে বন্ধ করা যায়। তবে আশার কথা যে সরকারি, বেসরকারি ও এনজিওদের পদক্ষেপে দেশে নারীর ক্ষমতায়ন বাড়ছে।বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন বলেন, নারীর ক্ষমতায়নে গত দুই দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি বলেন, মেয়ে-শিশুরা বেশি হারে যেমন বিদ্যালয়গামী হচ্ছে, নারীরাও তেমন প্রবেশ করছে চাকরির বাজারে।কালোমেঘা ইউনিয়নের চেয়ারম্যান নূর আফরোজা বলেন, গ্রামপর্যায়ে ব্যাপকভাবে ফতোয়াবাজি চলছে। এমন কথা এখনো শুনতে হয় যে নারী নেতৃত্ব শরিয়তবিরোধী। এসব বাধা অতিক্রম করেই নারীদের এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন এবং বরগুনা জেলার কালোমেঘা ইউনিয়নের চেয়ারম্যান নূর আফরোজা।