সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দেশে আইনের শাসন নেই। গণতন্ত্রের আবরণে দেশে কার্যত একদলীয় শাসনব্যবস্থা চলছে। দেশে কারও মতামতের গুরুত্ব নেই। মানুষের বাক্স্বাধীনতা হরণ করা হয়েছে। ‘তারেক রহমানের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সভা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রামের প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়াকে ফাঁসানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি। খালেদা জিয়ার নেতৃত্বে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার অধীনে আন্দোলন চলবে বলে জানান তিনি।
চিকিৎসক মনোয়ার আলমের পরিচালনায় সভায় অংশ নেন চট্টগ্রাম বারের সাবেক সাধারণ সম্পাদক কবির চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদ জামিল, আইনজীবী কফিল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম নছরুল কদির, সাংবাদিক জাহিদুল করিম প্রমুখ।