দেশে কৃষি উৎপাদনে ১৪০ কোটি টাকা সহায়তা দেবে ইইউ
দেশের দরিদ্র কৃষক ও ক্ষুদ্র উৎপাদনকারীদের কৃষিপণ্যের উৎপাদন বাড়াতে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে যাতে চলতে পারে, সে লক্ষ্যে প্রায় ১৪০ কোটি টাকা (১৫ দশমিক ৪৩ মিলিয়ন ইউরো) দেবে ইইউ। এ ব্যাপারে অনুদানসংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। গতকাল রোববার ইইউ এক বিজ্ঞপ্তিতে জানায়, কৃষকেরা যাতে আগামী মৌসুমে উৎপাদন বাড়াতে পারে, সে জন্য পাঁচটি প্রকল্পের মাধ্যমে কৃষি উপকরণ সরবরাহ, নগদ অর্থ ও সম্পদ স্থানান্তরের ব্যবস্থা করা হবে।ঢাকায় ইইউ রাষ্ট্রদূত স্টেফান ফ্রোয়েইন বলেন, হতদরিদ্র কৃষক ও ক্ষুদ্র উৎপাদনকারীরা তাঁদের পণ্যের উৎপাদন বাড়াতে গিয়ে যেসব সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হন—এসব প্রকল্পের মাধ্যমে তা মোকাবিলায় সহায়তা করা হবে। বাংলাদেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় ১৫টি জেলার এক লাখ ৩১ হাজার মানুষ এসব প্রকল্পের সুফল ভোগ করবে। প্রকল্প বাস্তবায়নে ইতিমধ্যে ব্র্যাক, নেটজ্, প্র্যাকটিক্যাল অ্যাকশন, কনসার্ন ইউনিভার্সাল ও কেয়ারের সঙ্গে চুক্তি সই হয়েছে। ২০১১ সালের অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি চলবে।