দেশে কেউ কাউকে বিশ্বাস করতে চায় না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, দেশে কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। দেশের পুলিশ, আইন, প্রশাসন, শিক্ষক ও নির্বাচন কমিশন—কারোর ওপরই কারও আস্থা নেই। এমন হলে দেশটা চলবে কী করে!গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপে সিইসি এ কথা বলেন।সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘আমাদের একেক কমিশনারের কাছে ৮০০-৯০০ করে ভোট পুনর্গণনার আবেদন জানিয়ে চিঠি এসেছে। অনেক প্রার্থী কোনো কারণ ছাড়াই অযথা চিঠি পাঠিয়েছেন। মনে হচ্ছে, সবকিছুতেই যেন বিশ্বাস আর আস্থার অভাব।’ সংলাপে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নান জাতীয় সংসদের প্রকৃত আসনসংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৪৫০ করার প্রস্তাব করেন।সংলাপে সিইসি ছাড়াও দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১৩ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।বিকেলে নির্ধারিত সংলাপে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) যোগ দেয়নি।