র্যা বের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, দেশে ক্রান্তিকাল চলছে। প্রশাসন ও নাগরিকেরা ঐক্যবদ্ধ হলে খুনিদের কার্যক্রম বন্ধ করা যাবে। বিশেষ কর্মসূচির আওতায় চট্টগ্রাম নগরের পতেঙ্গায় র্যা ব-৭ কার্যালয় পরিদর্শন শেষে গতকাল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, ‘একটি গোষ্ঠী অঘোষিত যুদ্ধ ঘোষণা করে জনগণকে স্তব্ধ করতে চায়। তারা নিরীহ, নিষ্পাপ মানুষকে পুড়িয়ে মারছে। রাষ্ট্রের সম্পদ ধ্বংস করছে। মানুষ তাদের হাত থেকে মুক্তি চায়।’
সংবাদ সম্মেলনে র্যা বের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল এবং র্যা ব-৭ চট্টগ্রামের পরিচালক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
চলমান অবরোধে মালামাল পরিবহনে ব্যবসায়ীদের আতঙ্ক প্রসঙ্গে জানতে চাইলে বেনজীর বলেন, চট্টগ্রাম বন্দরের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ ও সাধারণ মানুষের চলাচল নিরাপদ রাখতে চেষ্টা করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংবাদ সম্মেলনের আগে নগর ও জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন র্যা বের মহাপরিচালক।