দেশে খরায় আক্রান্ত ভূমি ৫৫ লাখ হেক্টর
দেশে মধ্যম থেকে উচ্চ মাত্রায় খরায় আক্রান্ত ভূমির পরিমাণ ৫৫ লাখ হেক্টর। কোনো বিরতি না দিয়ে জমিতে পর পর বিভিন্ন ফসলের চাষ করা, প্রাকৃতিক পরিবর্তন ও নানা কারণে নদী শুকিয়ে যাওয়ায় এবং জলবায়ু পরিবর্তনের কারণে ভূমির অবক্ষয় হচ্ছে। যা দীর্ঘ মেয়াদে মরুময়তা সৃষ্টি করতে পারে।
আজ রোববার রাজধানীর এলজিইডি মিলনায়তনে দিনব্যাপী এক কর্মশালায় এসব কথা বলা হয়।
মরুময়তা, ভূমির অবক্ষয় ও খরা মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করতে পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘের বৈশ্বিক পরিবেশ তহবিল (জিইএফ) যৌথভাবে ওই কর্মশালার আয়োজন করে। সরকারি ও বেসরকারি পর্যায়ের বিশেষজ্ঞরা এতে অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, দেশে বর্তমানে তাপমাত্রা যে হারে বাড়ছে তা অব্যাহত থাকলে ২০৩০ সাল নাগাদ দেশের তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়বে। ২১০০ সালের মধ্যে বাড়বে দুই দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। আর প্যারিস জলবায়ু সম্মেলনের লক্ষ্যমাত্রা অনুযায়ী এই শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ দুই ডিগ্রির নিচে রাখার সিদ্ধান্ত হয়েছে।
কামাল উদ্দিন আরও বলেন, গত ৬০ বছরে ২০ বারেরও বেশি খরা দেশের আর্থসামাজিক অবস্থাকে বিপন্ন করেছে। ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষের বড় কারণও ছিল খরা। তাই খরা প্রতিরোধে আন্তর্জাতিক অঙ্গীকারের অংশ হিসেবে সরকার মরুময়তা রোধে জাতীয় পরিকল্পনা চূড়ান্ত করছে। ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে ওই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
কর্মশালায় মূল গবেষণা প্রবন্ধ তুলে ধরেন সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিকাল ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) দল নেতা শেখ গোলাম হোসেইন। তিনি ২০২৫ সাল পর্যন্ত মরুময়তা রোধে কর্মপরিকল্পনার খসড়া তুলে ধরেন।
কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (পানি ও জীববৈচিত্র্য) মো. সোহরাব আলী বলেন, বাংলাদেশে মরুময়তা এখনো দেখা না দিলেও একই জমিতে বিরতি ছাড়া চাষাবাদ ও নানা প্রাকৃতিক কারণে ভূমির অবক্ষয় দেখা দিয়েছে। ওই অবক্ষয় দূর করার জন্য ইতিমধ্যে আমরা ১১টি কর্মসূচি ও ১২৮টি উদ্যোগ চিহ্নিত করেছি। ওই পরিকল্পনা চূড়ান্ত করে আমরা এ অবক্ষয় রোধে অর্থায়নের চেষ্টা করব।
কর্মশালায় বক্তারা জানান, ১৯৯২ সালে ব্রাজিলের রিও শহরে বিশ্ব ধরিত্রী সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ক কাঠামো সনদ (ইউএনএফসিসিসি), জীববৈচিত্র্যবিষয়ক সনদ (সিবিডি) ও মরুময়তাবিষয়ক সনদ ইউএনসিসিডি অনুমোদন হয়। বাংলাদেশ ওই তিনটি সনদেই স্বাক্ষর করেছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ মরুময়তা রোধে এ কর্মপরিকল্পনাটি চূড়ান্ত করছে।
কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম মণ্ডল, অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী, পরিচালক সুলতান আহমেদ ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা সংস্থার (বিনা) সাবেক মহাপরিচালক এম এস সাত্তার বক্তব্য দেন।