দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বর্তমানে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। বিভিন্ন গুদামে পর্যাপ্ত পরিমাণে চাল ও গম মজুদ রয়েছে। জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তরপর্বে এই তথ্য জানান খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক।শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন গুদামে চার লাখ ৭০ হাজার টন চাল মজুদ রয়েছে। এক লাখ ৪০ হাজার টন চাল আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় লাখ টন চালের ব্যবস্থা আছে। এ ছাড়া সাত লাখ টন গম মজুদ রয়েছে। ফলে দেশে খাদ্য সংকট দেখা দেওয়ার কোনো সুযোগ নেই।হাফিজউদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, হাওর অঞ্চলে উৎপাদন ব্যাহত হওয়া এবং দেশের মানুষের আয় বৃদ্ধির কারণে চালের চাহিদা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে চালের দাম বেশি। আমদানি করতে হলে ভর্তুকি দিয়ে তা বাজারে ছাড়তে হবে। সে জন্য আমরা গম আমদানির সিদ্ধান্ত নিয়েছি। কারণ গমের দাম অনেক কম।রমজানে ডিলারের মাধ্যমে চিনি, ছোলা সরবরাহ: আবদুল হাইয়ের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান জানান, আগামী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্য ডিলারদের কাছে পৌঁছে যাবে। রমজান মাসে যাতে পণ্যের দাম না বাড়ে সে জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, এটা সত্য রমজানে জিনিসপত্রের দাম কিছুটা বাড়ে। তাই বাজার স্থিতিশীল রাখার জন্য আমদানি পণ্যের সুদের হার ১৩ থেকে ১২ শতাংশে কমিয়ে আনা হয়েছে। এক হাজার ৭০০ জন ডিলারের মাধ্যমে চিনি, ছোলা, সয়াবিনসহ অন্যান্য পণ্য কম দামে সরবরাহ করা হবে। প্রত্যেক ডিলার কী পরিমাণ পণ্য পাবেন, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ বি এম গোলাম মোস্তফার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, আগামী দুই-তিন বছরের মধ্যে ঢাকার কুড়িলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার একটি স্থায়ী কমপ্লেক্স গড়ে তোলা হবে। খান টিপু সুলতানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের স্থলবন্দরগুলোর উন্নয়ন এবং শুল্ক-অশুল্ক প্রতিবন্ধকতা দূর করা হলে ২০১০ সালের মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমে আসবে।মমতাজ বেগমের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, আগামী ২৮ জুলাইয়ের মধ্যে তৈরি পোশাক শিল্পকারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে। তবে সেই কাঠামো শ্রমিকদের দাবি মোতাবেক হবে কি না, সে বিষয়টি মন্ত্রী নিশ্চিত করতে পারেননি।