আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে মাঠে নামার পরামর্শ দিয়ে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা হচ্ছে। তারা দেশে আবারও এক-এগারোর মতো আরেকটি সরকার আনতে চায়। কিন্তু আওয়ামী লীগ তা করতে দেবে না।গতকাল বুধবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ কথা বলেন। তিনি বলেন, ‘সরকার গত পাঁচ দিনের পরিস্থিতি অত্যন্ত শান্ত ও দক্ষভাবে মোকাবিলা করেছে। প্রধানমন্ত্রী অত্যন্ত সংযত, দৃঢ়-স্থির। তিনি আমাদের সুচিন্তিতভাবে অবস্থা মোকাবিলার নির্দেশনা দিয়েছেন। তিনি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছেন।’আশরাফ বলেন, দেশে সেনাবাহিনী মোতায়েনের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর থেকে দেশব্যাপী জামায়াত-শিবিরের সহিংসতার ছয় দিন পর আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হলো। এর আগের দিন সন্ধ্যায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সরকারের বক্তব্য তুলে ধরেন।সৈয়দ আশরাফ সাম্প্রতিক সহিংসতায় হতাহতের জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে দেশে এসে জাতির উদ্দেশে বক্তব্য দিয়েছেন। তিনি যুদ্ধ ঘোষণা করেন। এরপর শুরু হয় জামায়াতের তাণ্ডব।সৈয়দ আশরাফ দাবি করেন, ‘খালেদা জিয়া কেন সিঙ্গাপুর গিয়েছিলেন, সব পরিষ্কার। যে যত কথাই বলুক, সত্যটা কেবল আমি আর খালেদা জিয়া জানি। এখন তার প্রতিফলন দেখা যাচ্ছে। উনি লন্ডন কেন যেতে চেয়েছিলেন, তা-ও জানি। জানি বলেই ষড়যন্ত্রকারীরা সতর্ক হয়েছেন। খালেদা জিয়াও তাঁর সফর বাতিল করেছেন।’ এক প্রশ্নের জবাবে আশরাফ শাহবাগের তরুণদের ‘সাইবার জেনারেশন’ উল্লেখ করে তাদের আন্দোলনের প্রশংসা করেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানসহ আওয়ামী লীগের অন্য নেতারা উপস্থিত ছিলেন।