বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনকার মতো খারাপ অবস্থা দেশের আর কখনো হয়নি। দেশে এখন এক চরম বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে। একদিকে চালের দাম ৫০ টাকা হওয়ায় মানুষের নাভিশ্বাস অবস্থা হয়েছে। অন্যদিকে নিরাপত্তাহীনতার চরম অবস্থার মধ্যে ক্রসফায়ারে মানুষ মরছে।জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার জিয়া সাংস্কৃতিক জোট আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও রাষ্ট্রনেতা জিয়াউর রহমান এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও জিয়া স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দুঃশাসনের কবলে পড়ে দেশের মানুষ এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা। একের পর এক ক্রসফায়ারে মানুষ মারা যাচ্ছে। ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলম ২০০ দিন ধরে নিখোঁজ। দেশে আজ কারও কোনো নিরাপত্তা নেই। এই দুঃশাসন থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব সবার। জিয়াউর রহমানের কর্মময় জীবনের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘শাহরিয়ার কবির বিচিত্রায় জিয়াউর রহমানের প্রশংসা করেছেন, নাসির উদ্দীন ইউসুফেরা জিয়াউর রহমানের বন্দনা করেছেন। আবার যখন দেখি তাঁকে নিয়ে বুদ্ধিজীবীরা কটাক্ষ করছেন, তখন লজ্জা লাগে।’অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, মুক্তিযুদ্ধের সময় যেভাবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, এখনো বৃহৎ কিছু পেতে হলে জাতীয় স্বার্থে তেমনই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় সংকট দেখা দিলে জনগণকেই এগিয়ে আসতে হবে। জিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, সাংসদ মুহাম্মদ মোশাররফ হোসেন, জিও ফারুখ জাহাঙ্গীর আলম, গোলাম মোহাম্মদ প্রমুখ বক্তব্য দেন। আলোচনা পর্ব শেষে আবদুল বাতেনসহ এই পাঁচজন, আমিনুর রশীদ ভূঁইয়া, গোলাম মোহাম্মদ ও ওয়ার্ড কাউন্সিলর এম এ কাইয়ুমকে জিয়া স্মৃতিপদক দেওয়া হয়।