দেশে চরমপন্থার প্রভাবের আশঙ্কা নাকচ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের সফররত পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী লরাঁ ফাবিউস এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার আজ সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান। ছবি: ফোকাস বাংলা
ফ্রান্সের সফররত পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী লরাঁ ফাবিউস এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার আজ সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মনিরপেক্ষ বাংলাদেশে যেকোনো ধরনের চরমপন্থার প্রভাবের আশঙ্কা বাতিল করে দিয়েছেন। ফ্রান্সের সফররত পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী লরাঁ ফাবিউস এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার আজ সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি তাঁদের কাছে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। তাই এখানে চরমপন্থা প্রভাব বিস্তার করতে পারবে না। তাঁর সরকার এ ব্যাপারে খুবই সতর্ক রয়েছে। দেশের গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো চরমপন্থীদের প্রভাব বানচাল করে দিতে খুবই সক্রিয় রয়েছে।
প্রধানমন্ত্রী ফ্রান্সের ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ক্ষমতা দখলকারী সামরিক একনায়কেরা সংবিধানের অন্যতম মৌলিক নীতি ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে দেয়। তবে তাঁর সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাসহ ধর্মনিরপেক্ষতার নীতি পুনর্বহাল করে। দেশের সর্বোচ্চ আদালত অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল অবৈধ ঘোষণা করেছে।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। তিনি বলেন, ‘তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা অনেক সমস্যা সমাধান করেছি।’
বাংলাদেশের তৈরি পোশাক খাত সম্পর্কে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার এ খাতের শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকারি ও বেসরকারি খাত যৌথভাবে দেশের ৪০ লাখ পোশাক শ্রমিকের কল্যাণে কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণ নিশ্চিত করাই তার সরকারের নীতি। এ প্রসঙ্গে শেখ হাসিনা পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত বর্ণনা দেন। তিনি বলেন, পোশাক কারখানার মালিকেরাও এ ব্যাপারে খুবই সতর্ক রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প অন্যান্য দেশের তুলনায় পোশাক তৈরিতে সর্বোচ্চ দক্ষতাসম্পন্ন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী সব আর্থসামাজিক খাতে বাংলাদেশের চমৎকার সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, এ দেশের জনগণ আরও উন্নয়নে খুবই সক্রিয় রয়েছে। তাঁরা প্রধানমন্ত্রীকে বলেন, উভয় দেশ ঢাকায় একই ভবনে দূতাবাস স্থাপন করেছে।

এ সময় অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।