দেশে বর্তমানে চাল ও গমের পর্যাপ্ত মজুদ রয়েছে। চালের দরও বাজারে স্থিতিশীল রয়েছে। তাই খাদ্যশস্য নিয়ে দেশের কোনো পর্যায়েই সংকটের সম্ভাবনা নেই। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ছায়েদুল হকের সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, আতিউর রহমান আতিক, সালেহা মোশারফ, মোজাহার আলী প্রধান ও আকরাম হোসেন চৌধুরী যোগ দেন।সভায় মন্ত্রণালয় থেকে জানানো হয়, দেশে বর্তমানে চাল ও গমের মজুদ ১১ লাখ টন। এ ছাড়া বর্তমানে মোটা চালের বাজারদর স্থিতিশীল আছে। রমজান মাসে সারা দেশে ওএমএস কার্যক্রম চালু রাখা হবে, যাতে করে চালের বাজারে কোনো ধরনের অস্থিরতা তৈরি হতে না পারে।বৈঠক শেষে কমিটির সভাপতি ছায়েদুল হক সাংবাদিকদের বলেন, দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। এ কথা মন্ত্রণালয় থেকে জানানোর পাশাপাশি সভায় সব সাংসদই বলেছেন, চালের বাজারদর তাদের এলাকায় এক মাস ধরে স্থিতিশীল রয়েছে। কমিটি এ অবস্থা ধরে রাখতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।