দেশে চাহিদার তুলনায় ডিম ও দুধের ঘাটতি রয়েছে
দেশে চাহিদার তুলনায় ডিম ও দুধের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মোকাবিলায় ডিম ও দুধের উত্পাদন বাড়ানোর জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। মাছের চাহিদা পূরণের লক্ষ্যে মত্স্য খাতে ২০টি প্রকল্প ও পাঁচটি কর্মসূচি নেওয়া হয়েছে। এ ছাড়া দুধ ও ডিমের ঘাটতি মেটাতে আটটি প্রকল্প নেওয়া হয়েছে।গতকাল বুধবার জাতীয় সংসদে খুলনার সাংসদ ননীগোপাল মণ্ডলের লিখিত প্রশ্নের জবাবে মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এ তথ্য জানান। তিনি জানান, ২০০৯ সালে চাহিদার তুলনায় মাছ, ডিম ও দুধের ঘাটতি ছিল।চট্টগ্রামের এ বি এম আবুল কাশেমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৮-২০০৯ অর্থবছরে বঙ্গোপসাগর থেকে আহরিত চিংড়ি ও অন্যান্য মেস্যর পরিমাণ পাঁচ লাখ ২৩ হাজার ৯৫২ টন। এ সময় স্থলভাগে উত্পাদিত মাছের পরিমাণ ২১ লাখ ৬৯ হাজার নয় মেট্রিক টন।৩৪ কোটি টাকা আদায়: ঠাকুরগাঁওয়ের হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ট্রুথ কমিশনে অনুকম্পার জন্য আবেদনকারী ব্যক্তিদের কাছ থেকে কমিশনের জরিমানা করা অর্থের পরিমাণ ৩৬ কোটি ৯৯ লাখ ২৬ হাজার ২৪৩ দশমিক ৪৫ টাকা। এর মধ্যে আদায় হয়েছে কমবেশি ৩৪ কোটি টাকা।পাঁচ বছরে অনিষ্পন্ন মামলা: ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ শাহ আলমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন আদালতে গত পাঁচ বছরে অনিষ্পন্ন অবস্থায় থাকা বিচারাধীন ফৌজদারি মামলার সংখ্যা দুই লাখ ৫৬ হাজার ২০০ এবং দেওয়ানি মামলার সংখ্যা এক লাখ ৭৩ হাজার ৫৯১টি।জাতীয় পার্টির মাহজাবীন মোরশেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৭১টি আইন এবং সাতটি অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।