স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে জঙ্গিবাদের উত্থানে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে আফগানিস্তান ও পাকিস্তান বানাতে চায়। তবে বাংলাদেশে তারা সফল হবে না।
গতকাল শনিবার বিকেলে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ নিউমার্কেটে আওয়ামী লীগের আয়োজনে জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াত-শিবির বিভিন্ন নামে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আগে যারা জামায়াত-শিবির করত, এখন তারাই আইএস, হুজি ও জেএমবির সঙ্গে জড়িত। বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের দেওয়া তথ্য পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জামায়াত-শিবিরের উদ্দেশে আসাদুজ্জামান খান বলেছেন, দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো, তখনই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। প্রথমে তারা আগুন ও পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে। পরে বিভিন্ন দেশের নাগরিক, ধর্মীয় নেতাসহ নানা পেশার মানুষ খুন করেছে। এসব খুনের নেপথ্যে জামায়াত-শিবির ছাড়াও বিএনপি জড়িত। তারাই এসবের নির্দেশদাতা।