দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের স্থান নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলাম ধর্ম মানুষ হত্যা পছন্দ করে না। যারা ইসলাম ধর্মের নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তারা ইসলামের শত্রু। দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই।

গতকাল বুধবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরিফের তিন দিনব্যাপী বাৎসরিক মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে চলছে। কোনো সন্ত্রাস কিংবা জঙ্গিবাদের স্থান নেই।

বাৎসরিক মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছিনা দরবার শরিফের পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল, বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনূস, বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস, পিরোজপুরের জেলা প্রশাসক খায়রুল আলম সেখ, পিরোজপুরের এসপি মো. ওয়ালিদ হোসেন প্রমুখ।