দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না: বেনজীর
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, গত এক বছরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রায় ১১ শ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। পাশাপাশি পুলিশও গ্রেপ্তার করেছে অনেককে। এদের মধ্যে অনেকে আবার জামিন নিয়ে বেরিয়ে এসেছে। তবে কোনো অবস্থাতেই এ দেশে জঙ্গিদের প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।
আজ রোববার দুপুরে পাবনা সফরে এসে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বলেন, পাবনার ঈশ্বরদীতে গির্জার যাজক লুক সরকার হত্যা চেষ্টার ঘটনায় জেএমবির সংশ্লিষ্টতা ছিল। সে জন্য এই জেলার প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বিভাগের সঙ্গে বৈঠক করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ প্রতিটি স্থানের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।
বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ স্থিতিশীল পরিস্থিতিতে আছে। বিনা কারণে দুজন নিরীহ বিদেশিকে হত্যা করা হয়েছে। আমরা চাই বিদেশিসহ দেশের সব নাগরিক নিরাপদে থাকবে। তাই জঙ্গিবাদ ও সমাজ বিরোধীদের নির্মূলে কাজ করছে র্যাব।
তিনি আরও বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। ফলে এ দেশে কখনই জঙ্গিবাদ দাঁড়াতে পারবে না। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে যারা জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত, যারা দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী ও সমাজবিরোধী, তাদের আইনের মুখোমুখি দাঁড় করাতে পারব। এ জন্য দরকার সবার সম্মিলিত প্রয়াস। আমাদের দেশকে একটি নিরাপদ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করতে চাই। সবার আত্মনিষ্ঠা, দেশপ্রেম ও উদ্যোগের মাধ্যমে সেটা সম্ভব।
এর আগে র্যাবের মহাপরিচালক জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা প্রধান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে বৈঠক করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, র্যাব-১২ এর কমান্ডিং অফিসার (সিও) শাহাবুদ্দিন খান, র্যাব গোয়েন্দা শাখার প্রধান আবুল কালাম আজাদ, ডিজিএফআই’র রাজশাহীসহ পাঁচ জেলার প্রধান কর্নেল জি এস আদিল চৌধুরী, ডিজিএফআই রাজশাহী রেঞ্জের ডিডি আব্দুস সবুর ও পাবনার পুলিশ সুপার আলমগীর কবিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।