বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মহামারির মতো ডায়াবেটিসের বিস্তার ঘটছে। দেশে এই মুহূর্তে ৮০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। সতর্ক না হলে এই সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
বিশ্ব ডায়াবেটিস দিবসে গতকাল শুক্রবার বারডেম অডিটোরিয়ামের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানিটর আয়োজক ছিল বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসম্মত খাবার শুরু হোক সকালের নাশতা থেকে’।
আলোচনায় ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান বলেন, স্বাস্থ্যসেবার দিক থেকে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ একটি মঞ্চ। সরকারের সহযোগিতা নিয়ে সমিতি কাজ করছে। ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে বাংলাদেশ একটি জাতীয় ডায়াবেটিস প্রতিরোধ নীতিমালা করার অঙ্গীকার করেছিল। নীতিমালাটি দ্রুত অনুমোদন করা না হলে এটি কাগুজে অঙ্গীকার বলে মনে হতে পারে। তিনি বলেন, সমিতির উদ্যোগে দেশব্যাপী আক্রান্ত রোগীদের নাম নিবন্ধনের কাজ শুরু হয়েছে।
সমিতির মহাসচিব মো. সাইফউদ্দিন ডায়াবেটিস সম্পর্কে পাঠ্যপুস্তকে একটি অধ্যায় সংযোজনের পরামর্শ দেন। তিনি বলেন, এতে করে ছাত্রছাত্রীরা সুস্থ জীবনধারা সম্পর্কে জানতে পারবে। কোনো রোগীর ডায়াবেটিস থাকলে তার চিকিৎসা ডায়াবেটিসমুক্ত রোগীর তুলনায় ১১ শতাংশ বেশি ব্যয়বহুল হয়ে থাকে।
বারডেমের মহাপরিচালক নাজমুন নাহার বলেন, ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস এবং শহরাঞ্চলে খেলাধুলার সুযোগ কমে যাওয়ায় শিশু-কিশোরেরাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে।
প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ডায়াবেটিক সমিতির প্রতি সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্তি মহাপরিচালক মো. শাহনেওয়াজ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অসংক্রামক ব্যাধি বিভাগের সমন্বয়ক মোস্তফা জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষক নাজমা শাহীন, ডায়াবেটিক সমিতির সহসভাপতি এ আর খান।
পর্যাপ্ত ডিম খাওয়ার পরামর্শ: মোস্তফা জামান বলেন, সুস্থতার জন্য সকালের নাশতায় শর্করাসমৃদ্ধ খাবারের বিকল্প হতে পারে পর্যাপ্তসংখ্যক ডিম। তিনি বলেন, ‘অন্যান্য বেলার তুলনায় সকালে একটু বেশি খাওয়া উচিত। অনেকে কোলেস্টেরল বেড়ে যাওয়ার ভয়ে ডিম খান না। তবে অনেক গবেষণায় প্রমাণ হয়েছে ডিম নিরাপদ খাবার। আমরা পেঁয়াজ সবজি হিসেবে খাই না। কিন্তু সকালের নাশতায় পর্যাপ্তসংখ্যক ডিমের সঙ্গে সবজির মতো পেঁয়াজ খাওয়া যেতে পারে। এ ছাড়া বাদাম, লাউ-কুমড়ার বীজ, ডাল, সবুজ শাকসবজি, ধনেপাতা, আদা রাখতে হবে মেন্যুতে।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাজমা শাহীন। তিনি বলেন, রাতে ভরপেট খেলে রক্তে শর্করার মাত্রা বাড়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু সকালে ভরপেট খেলে দিনভর রক্তে শর্করার মাত্রায় ভারসাম্য থাকে।