দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, তথ্য প্রকাশের জন্য দেশে এমন একটি নীতি দরকার, যাতে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত হয় এবং অভিযুক্ত ব্যক্তির অধিকারও সংরক্ষণ করা যায়।গোলাম রহমান বলেন, দুর্নীতিসংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে গণমাধ্যমে আগাম তথ্য প্রকাশের ফলে যাতে কারও মানহানি না হয়। আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দুর্নীতিবাজ বলা উচিত নয়।ঢাকার একটি হোটেলে গতকাল দুদকের কর্মকর্তাদের জন্য আয়োজিত তথ্য অধিকার আইনসংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে দুদকের চেয়ারম্যান এ কথা বলেন। ইউএসএইড প্রগতির সহায়তায় ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এই প্রশিক্ষণের আয়োজন করে।গোলাম রহমান বলেন, স্বচ্ছ ও জবাবদিহি সুশাসনের দুটি প্রধান উপাদান। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে এটি বিশেষ ভূমিকা রাখে। তাই তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়ন অত্যন্ত জরুরি।এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হলো আইনটি সম্পর্কে জনসচেতনতার অভাব রয়েছে। দুদকের ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশ নেন। বিজ্ঞপ্তি।