দেশে তামাকের ব্যবহার কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফসলি জমিতে চাষ হচ্ছে তামাক। প্রথম আলো ফাইল ছবি
ফসলি জমিতে চাষ হচ্ছে তামাক। প্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশে গত আট বছরে তামাকের ব্যবহার কমেছে ৮ শতাংশ। তামাক নিয়ন্ত্রণেও অগ্রগতি হয়েছে। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) ২০১৭-এর গবেষণা প্রতিবেদনে বাংলাদেশের এ সাফল্যের কথা উঠে এসেছে।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই গবেষণার ফলাফল তুলে ধরেন।

গ্যাটসের গবেষণাটি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহায়তায় ১৫ বছর বা তার বেশি বয়সী জনগোষ্ঠীর ওপর পরিচালিত হয়েছে। ১৪ হাজার ৮৮০ জনের ওপর এ জরিপ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে সাধারণত পাঁচ বছর অন্তর এই জরিপ পরিচালিত হয়। বাংলাদেশে এর আগে ২০০৯ সালে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে তামাক ব্যবহারকারীর হার ৩৫ দশমিক ৩ শতাংশ অর্থাৎ ৩ কোটি ৭৮ লাখ। ২০০৯ সালে যা ছিল ৪৩ দশমিক ৩ শতাংশ। ২০১৭ সালের হিসাবে বলা হয়েছে, ধূমপায়ীর হার ১৮ শতাংশ এবং ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারীর হার ২০ দশমিক ৬ শতাংশ। বর্তমানে ১৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে তামাক ব্যবহারকারীর হার ৮ শতাংশ হ্রাস পেয়েছে। এ ছাড়া ধূমপায়ী এবং ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারীর হার হ্রাস পেয়েছে যথাক্রমে ৫ ও ৬ দশমিক ৬ শতাংশ।

ধোঁয়াবিহীন তামাক সেবনে পুরুষের চেয়ে নারীদের হার বেশি। ধোঁয়াবিহীন তামাক ব্যবহারে পুরুষের হার ১৬ দশমিক ২ এবং নারী ২৪ দশমিক ৮ শতাংশ। কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপানের শিকার হয় ৪২ দশমিক ৭ শতাংশ, যা ২০০৯ সালে ছিল ৬৩ শতাংশ।

প্রজ্ঞার প্রতিক্রিয়া
তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা গ্যাটসের প্রতিবেদন সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে। সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তামাক নিয়ন্ত্রণে অগ্রগতি হলেও তা সন্তোষজনক নয়।

প্রজ্ঞা বলছে, এই ফলাফল প্রশংসনীয়। কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার পথে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও তা সন্তোষজনক নয়। বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনের কিছু দুর্বলতা (যেমন, বিক্রয়কেন্দ্রে তামাক পণ্য প্রদর্শন, তামাক কোম্পানি কর্তৃক অনুষ্ঠানের ব্যয়ভার বহন, জনসমক্ষে ধূমপানের জন্য নির্ধারিত স্থান, খুচরা এবং লাইসেন্স ছাড়া তামাকজাত পণ্য বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত পণ্য বিক্রি, কার্যকর তামাক কর নীতির অভাব এবং সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর আইনানুগ বাস্তবায়ন না হওয়ায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের অর্জন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি।

সংগঠনটি আশঙ্কা করছে, বৈদেশিক বিনিয়োগ আনার নামে বিশ্বের শীর্ষস্থানীয় তামাক কোম্পানি জাপান টোব্যাকো (জেটি) গ্রুপকে বাংলাদেশে সরাসরি ব্যবসার সুযোগ দিতে যাচ্ছে সরকার। বহুজাতিক তামাক কোম্পানিগুলো পণ্যের বৈচিত্র্যময়তা এবং আগ্রাসী বিপণন কৌশল অবলম্বন করে দ্রুত স্থানীয় বাজার দখল করে নেয়, বিশেষ করে তরুণ সমাজ এতে আকৃষ্ট হয় বেশি। দেশে নতুন করে তামাক ব্যবসার সুযোগ দেওয়া হলে তামাক নিয়ন্ত্রণে সরকারের এই অর্জন নস্যাৎ হয়ে যাবে এবং ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনেও অন্তরায় হয়ে দাঁড়াবে।