তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর তালেবানি রাজনীতি এখনো চলছে। জঙ্গিবাদী-মৌলবাদী-সন্ত্রাসবাদী-যুদ্ধাপরাধীদের প্রতি সামান্য নমনীয়তা দেশে আবার ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে।
গতকাল শনিবার রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের জাতীয় কমিটির সভায় হাসানুল হক ইনু এ কথা বলেন। তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়া জঙ্গিবাদী-মৌলবাদীদের সঙ্গ ত্যাগ না করছেন, ততক্ষণ পর্যন্ত সরকার এবং সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে বাঁচাতে জঙ্গিবাদী-মৌলবাদী তালেবানি রাজনীতি শিকড়সহ উপড়ে ফেলতে হবে।
হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল, স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, শহীদ কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের প্রমুখ। বিজ্ঞপ্তি।