দেশে তিন মাসে ১৪১ শিশু খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের প্রথম তিন মাসে দেশে ১৪১ শিশু খুন হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) মানবাধিকার লঙ্ঘনের ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রসফায়ার ও তাদের হেফাজতে ৩২ জনের মৃত্যু হয়েছে।
নয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ এবং আসকের নিজস্ব ব্যবস্থায় সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি হয়েছে বলে জানানো হয়। গতকাল বৃহস্পতিবার প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠায় আসক।
প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ও নিষ্ঠুর পন্থায় শিশুদের হত্যা ও নির্যাতনের এ সংখ্যা আশঙ্কাজনক। তিন মাসে ৩৭০টি বিভিন্ন ধরনের শিশু নির্যাতনের ঘটনা ঘটে। এসব ঘটনায় ১৫২ শিশুর মৃত্যু হয়। নিহত শিশুদের মধ্যে ১১ জন আত্মহত্যা করে। সবচেয়ে বেশি শিশু নিহত হয় পারিবারিক নির্যাতনের ঘটনায়। এ সংখ্যা ৩৫। সাত গৃহকর্মী শিশু নিহত হয় নির্যাতনের কারণে। শিক্ষকের মাধ্যমে শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটে ১৬৫টি।
এ সময় ১৪৬টি ধর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে গণধর্ষণের ঘটনা ঘটে ৪৯টি।
আসকের প্রতিবেদনে বলা হয়, তিন মাসে ক্রসফায়ার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৩২ মৃত্যুর মধ্যে ১৫টি ঘটেছে র্যা বের হাতে। পুলিশের হাতে সংঘটিত ঘটনা ১২টি। বাকি চারটি ডিবি পুলিশ ও একটি ঘটনা ঘটে বিজিবির হাতে।
প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৮০টি সংঘাতের ঘটনা ঘটে। এসব ঘটনায় নিহত হয় ৩৫ জন। এর মধ্যে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে নিহত হয় ২৯ জন। আহত হয় ৩ হাজার ৮৭৮ জন।
তিন মাসে বিভিন্ন রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনা ঘটে ৪৯টি। এর মধ্যে ৪৬টিই হয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মধ্যে। দুটি বিএনপির, একটি জাতীয় পার্টির।
সীমান্ত সংঘাতে এ সময় ছয়জন নিহত হয় বলে আসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়।