দেশে তিনটি যুদ্ধ চলছে: ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশে এই মুহূর্তে তিনটি যুদ্ধ চলছে। একটা হচ্ছে জঙ্গিবাদ থেকে দেশকে মুক্ত করার যুদ্ধ, আরেকটি উন্নয়নের যুদ্ধ এবং তৃতীয়টি দুর্নীতি ও দলবাজির বিরুদ্ধে সুশাসন প্রতিষ্ঠার যুদ্ধ। এ যুদ্ধে আমাদের প্রতিপক্ষ হচ্ছে অশান্তির দূত। এ যুদ্ধে জিততে হলে শিল্প ও সংস্কৃতিমান লোক দরকার।
গতকাল মঙ্গলবার বাংলা একাডেমিতে ভূঁইয়া সফিকুল ইসলামের গদ্যগ্রন্থ প্রবাসে প্রদোষে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ভিন্নমতাবলম্বীদের গণতন্ত্রে জায়গা আছে, কিন্তু উগ্রবাদীদের গণতন্ত্রে জায়গা নেই। ধর্ম নিয়ে যারা কূটতর্ক করে, তারা গণতন্ত্র, ধর্ম ও মানবতার শত্রু। পরমতসহিষ্ণুতার অর্থ এই নয় যে উগ্রবাদীদের সহ্য করতে হবে।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান নতুন প্রকাশিত বইটি সম্পর্কে বলেন, এ বইয়ে লেখকের সাহসের পরিচয় পাওয়া যায়। তিনি একটি উপভোগ্য বই লিখেছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বইটির প্রকাশক মাজহারুল ইসলাম, মাসুদ আহমেদ এবং লেখক ভূঁইয়া সফিকুল ইসলাম।