দেশে তুষ জ্বালিয়ে ১১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ২০৩০ সালের মধ্যে শুধু ধানের তুষ জ্বালিয়ে ১ হাজার ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এক সমীক্ষার ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছেন দুটি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক-গবেষক। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) দুই বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার প্রকাশিত বার্ষিক সংকলনে ওই তথ্য প্রকাশিত হয়েছে। 

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক এ কে এম সদরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. অহিদুজ্জামান ওই যৌথ সমীক্ষা করেন।
ওই সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রতিবছর পাঁচ কোটি টনের বেশি ধান উৎপন্ন হয়। বিভিন্ন আকৃতির প্রায় এক লাখ চালকল এই ধান থেকে চাল তৈরির প্রক্রিয়ায় জ্বালানি হিসেবে তুষ ব্যবহার করে। তাঁরা সমীক্ষা চালিয়ে দেখেছেন, আধুনিক পদ্ধতিতে এই তুষ জ্বালিয়ে মোট ১ হাজার ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তবে দেশের সব তুষ আধুনিক পদ্ধতিতে জ্বালিয়ে বিদ্যুৎ উৎপাদনের পর্যায়ে নিতে ২০৩০ সাল পর্যন্ত সময় লাগবে।
স্রেডার দুই বছর পূর্তি উপলক্ষে আজ বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বক্তারা বলেন, গৃহস্থালি বর্জ্য, হাঁস, মুরগি ও গবাদিপশুর মল, মানুষের পয়োবর্জ্য প্রভৃতিও বিপুল পরিমাণ বিদ্যুতের নির্ভরযোগ্য জ্বালানি উৎস হতে পারে। সর্বোপরি সৌর রশ্মি তো সবচেয়ে বড় নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে আছেই। এসব উৎস ব্যবহার দেশে নবায়নযোগ্য শক্তি উন্নয়নের অমিত সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।
স্রেডার ওই অনুষ্ঠানে বলা হয়, ২০২১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে মোট ৩ হাজার ১৭৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা তাঁরা নিয়েছেন। এর মধ্যে সৌরবিদ্যুৎই হবে প্রধান। এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ও দক্ষ ব্যবহার নিশ্চিত করারও সুনির্দিষ্ট পরিকল্পনা তাঁরা করেছেন।
সরকারি হিসাবে বর্তমানে দেশে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ প্রায় সাড়ে ৩ শতাংশ। সরকারের লক্ষ্য ২০২০ সালের মধ্যে এই পরিমাণ ১০ শতাংশে এবং ২০৩০ সালে ২০ শতাংশে উন্নীত করা। সরকারের এই লক্ষ্য বাস্তবায়নের প্রধান সারথি ও সমন্বয়কারীর ভূমিকা হবে স্রেডার।
স্রেডার চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সংশ্লিষ্ট সংসদীয় কমিটির চেয়ারম্যান তাজুল ইসলাম এবং মন্ত্রণালয় ও স্রেডার কয়েকজন কর্মকর্তা বক্তব্য দেন।
বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি কার্যক্রম গ্রামাঞ্চলে সাফল্য পেলেও শহরে ব্যর্থই বলা যায়। তবে এই কার্যক্রমকে শহরেও সফল করতে হবে। এ জন্য তাঁরা কতিপয় করণীয়ও তুলে ধরেন। অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ভিডিও চিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেই প্রতিযোগিতায় বিজয়ী চারজনকে পুরস্কৃত করা হয়।