দেশের ত্রিশোর্ধ্ব মানুষের মধ্যে প্রায় সাত লাখ দৃষ্টিপ্রতিবন্ধী। ছানি পড়ায় তাঁদের প্রায় ৮০ শতাংশই চোখে দেখতে পান না। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁরা ফিরে পেতে পারেন দৃষ্টিশক্তি। গতকাল সোমবার এক কর্মশালায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের ন্যাশনাল আই কেয়ার কর্মসূচির আওতায় পরিচালিত জরিপে এ তথ্য প্রকাশ করা হয়।
রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে ‘ভিশন ২০২০’ শীর্ষক ওই কর্মশালাটির আয়োজক ছিল সরকারের ন্যাশনাল আই কেয়ার, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেস এবং আন্তর্জাতিক এনজিও ফোরাম।
কর্মশালায় ইস্পাহানী ইসলামিয়া ইনস্টিটিউট অ্যান্ড আই হসপিটালের অন্যতম পরিচালক মো. আলমগীর হোসেন জানান, ২০১৩-১৪ সালে পরিচালিত জরিপে দেখা গেছে, ত্রিশোর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে ছয় লাখ ৭৫ হাজার দৃষ্টিপ্রতিবন্ধী। প্রতি পাঁচ হাজারে ১ দশমিক ৮ জন দৃষ্টিপ্রতিবন্ধী। দৃষ্টিপ্রতিবন্ধীদের ৭৯ দশমিক ৬ জন দেখতে পান না চোখে ছানি থাকায়। ছানি কাটার হার মাত্র সাড়ে ৩২ শতাংশ।
বক্তারা বলেন, ভিশন ২০২০ পূরণ করতে গেলে, অর্থাৎ সবার কাছে সুলভে চোখের চিকিৎসা পৌঁছে দিতে বাংলাদেশকে দ্রুত এগোতে হবে। কর্মশালায় বলা হয়, দেশের ৪৭টি জেলা হাসপাতালে চোখে ঝাপসা দেখার চিকিৎসা আছে। তাঁরা চশমা দিয়ে দেখতে পান। অন্যদিকে ১২টি হাসপাতালে স্বল্পদৃষ্টির চিকিৎসা দেওয়া হয় বলে দাবি করা হলেও আদতে চিকিৎসায় চশমা ছাড়াও যেসব উপকরণ দরকার, সেগুলোর কোনো সরবরাহ নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক বলেন, চোখের স্বাস্থ্যের সেবায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদারত্ব আছে। সমস্যা একটাই। চিকিৎসকদের পেশার প্রতি অঙ্গীকারবদ্ধ হতে হবে। মাত্র ৩০ শতাংশ চিকিৎসক তৃণমূলে সেবা দিচ্ছেন। বাকিরা বিভাগীয় শহর বা ঢাকায় থাকছেন।
অংশগ্রহণকারীরা বলেন, ডায়াবেটিসের কারণে বহু মানুষ চোখের সমস্যায় ভুগছেন। কাজেই ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক জালাল আহমেদ।