দেশে থ্যালাসেমিয়ার প্রকোপ বাড়ছে
বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগের প্রকোপ বাড়ছে। এর প্রকোপ বেশি দেখা যাচ্ছে উপকূলের জেলাগুলোয়। অস্থিমজ্জা প্রতিস্থাপনে এই রোগ ভালো হলেও সর্বাধুনিক এই চিকিৎসার সুযোগ বাংলাদেশে নেই।
আজ শনিবার ঢাকা ক্লাবে রক্ত ও অস্থিমজ্জা প্রতিস্থাপনবিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সেমিনারে বিশেষজ্ঞরা এ কথা বলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগ ও বাংলাদেশ সোসাইটি অব হেমাটোলজি যৌথভাবে এই সেমিনার আয়োজন করে। বাংলাদেশ ছাড়াও ভারত ও যুক্তরাষ্ট্রের প্রায় দুই শ বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক এতে অংশ নিয়েছেন।
সেমিনারে মূলত বিভিন্ন ধরনের রক্ত রোগ, রক্ত ক্যানসার, এসব রোগের চিকিৎসা, অস্থিমজ্জা প্রতিস্থাপন প্রযুক্তির সর্বসাম্প্রতিক অগ্রগতি বিষয়ে উপস্থাপনা ও আলোচনা হয়। প্রথম অধিবেশনে থ্যালাসেমিয়া চিকিৎসা নিয়ে আলোচনা হয়। অধিবেশনের কো-চেয়ার সম্মিলিত সামরিক হাসপাতালের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইউসূপ বলেন, দেশে থ্যালাসেমিয়া রোগ বাড়ছে। এর প্রকোপ উপকূলে বেশি দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলেছেন, থ্যালাসেমিয়া বংশগত রোগ। এটা হিমোগ্লোবিনজনিত রক্তশূন্যতা। অস্থিমজ্জা প্রতিস্থাপনে এই রোগ ভালো হয়। অস্থির ক্যানসার চিকিৎসায় প্রতিস্থাপন চিকিৎসা এ দেশে শুরু হলেও থ্যালাসেমিয়ার ক্ষেত্রে শুরু হয়নি।
প্রথম অধিবেশনের পর সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকা মেডিকেলে অস্থিমজ্জা প্রতিস্থাপনের তৃতীয় বার্ষিকী কেক কেটে উদ্যাপন করা হয়। এই অনুষ্ঠানে ঢাকা মেডিকেলের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটের প্রধান এম এ খান বলেন, ২০১৪ সালের ১০ মার্চ ঢাকা মেডিকেলে প্রথম ট্রান্সপ্লান্ট হয়। এ পর্যন্ত ঢাকা মেডিকেলে ২৮ জনের অস্থিমজ্জা প্রতিস্থাপন হয়েছে। প্রতিস্থাপনজনিত মৃত্যুহার শূন্য। তিনি আরও বলেন, সম্মিলিত সামরিক হাসপাতাল ও বেসরকারি অ্যাপোলো হাসপাতালে অস্থিমজ্জা প্রতিস্থাপন গত বছর শুরু হয়েছে। থ্যালাসেমিয়া চিকিৎসায় এই প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি তারা নিচ্ছে ঢাকা মেডিকেলে।
এ দেশে প্রথম অস্থিমজ্জা প্রতিস্থাপন হয় ব্যাংক কর্মকর্তা ওমর আলীর। অনুষ্ঠানে ওমর আলী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি ভালো আছেন।
ওমর আলীর চিকিৎসক দলের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের অস্থিমজ্জা প্রতিস্থাপন বিশেষজ্ঞ বিমলাংশু দে। দ্বিতীয় অধিবেশনে ঢাকা মেডিকেলের প্রথম প্রতিস্থাপনের অভিজ্ঞতা বর্ণনা করে বিমলাংশু বলেন, ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা এ ক্ষেত্রে ভালো করছেন।