দেশে দিনে ১২০ জন যক্ষ্মায় মারা যায়
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, যক্ষ্মা এখনো বাংলাদেশের জন্য বোঝা। সরকার ও বেসরকারি সংস্থা দীর্ঘদিন ধরে যক্ষ্মা প্রতিরোধে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরপরও দেশে দিনে যক্ষ্মায় আক্রান্ত ১২০ জন মারা যাচ্ছে।
বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের ক্লাবে এসব তথ্য উপস্থাপন করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। ডব্লিউএইচওর বরাত দিয়ে এসব তথ্য তুলে ধরেছে সংস্থাটি। এই রোগ ঠেকাতে প্রথম যক্ষ্মাবিষয়ক সংসদীয় ককাসের সূচনা আয়োজন করা হয় গতকাল। আইসিডিডিআরবির নেতৃত্বে ইউএসএআইডির ‘অ্যালায়েন্স ফর কমবেটিং টিবি ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, সাংসদেরা বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাজ করছেন। যক্ষ্মা নিয়ন্ত্রণেও একইভাবে কাজ করতে হবে। আইসিডিডিআরবি ও ইউএসএআইডির এই প্ল্যাটফর্মে সাংসদেরা যুক্ত হবেন বলে তিনি আশা করেন।
আইসিডিডিআরবি জানায়, বাংলাদেশে প্রতিবছর ৩৫ হাজারের বেশি মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যায়। ২০২০ সালে মারা গেছে ৪৪ হাজারজন, যা গত ২ বছরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার চেয়ে বেশি। দেশে ৩ লাখ ৬০ হাজার যক্ষ্মা রোগী আছে।
আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ বলেন, যক্ষ্মা এখনো অনেক বড় ইস্যু বাংলাদেশে। রোগটি প্রতিরোধযোগ্য হওয়ার পরও অনেক মানুষ মারা যাচ্ছে। যক্ষ্মা নিয়ন্ত্রণের জন্য প্রোগ্রামটা কীভাবে আরও ফলপ্রসূ করা যায়, তা নিয়ে সাংসদদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানান।
আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ফেরদৌসী কাদরী বলেন, যক্ষ্মা হলে শুধু ব্যক্তির ক্ষতিই হয় না, এটি পুরো পরিবারের ক্ষতি ডেকে আনে। এই রোগ নির্মূলে এখন পর্যন্ত কার্যকর কোনো টিকা নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাংসদ ও অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, সাংসদ আরমা দত্ত, ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেইভ, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।