দেশে দুই ঘণ্টায় যক্ষ্মা শনাক্ত সম্ভব হচ্ছে
নতুন প্রযুক্তির মাধ্যমে দেশে এখন দুই ঘণ্টায় সব ধরনের যক্ষ্মা শনাক্ত করা সম্ভব হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে বেশিসংখ্যক ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগীর কফ পরীক্ষা সম্ভব হচ্ছে। বর্তমানে ৩৯টি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য দেন। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি। একে সহায়তা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ব্র্যাক।
আগামীকাল মঙ্গলবার বিশ্ব যক্ষ্মা দিবস। এবারের বিশ্ব যক্ষ্মা দিবসের প্রতিপাদ্য ‘যক্ষ্মা খুঁজব ঘরে ঘরে, সুস্থ করব চিকিৎসা করে।’
সরকারি কর্মকর্তারা বলেন, কিছু দিন আগেও ওষুধ প্রতিরোধী যক্ষ্মার সন্দেহভাজন রোগীর কফ সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ইউরোপে পাঠানে হতো। পরীক্ষা শেষে ফলাফল হাতে নিয়ে রোগীর চিকিৎসা শুরু করতে চার মাস লাগত। কিন্তু জিন এক্সপার্ট যন্ত্রে মাত্র দুই ঘণ্টায় কফ পরীক্ষার ফলাফল পাওয়া যায়। বিদেশি আর্থিক সহায়তায় ৩৯টি জিন এক্সপার্ট যন্ত্র আনা হয়েছে। আরও যন্ত্র আনা হচ্ছে।
দেশের যক্ষ্মা পরিস্থিতি বর্ণনা করার সময় ব্র্যাকের যক্ষ্মা কর্মসূচির জ্যেষ্ঠ বিশেষজ্ঞ কাজী আল মামুন সিদ্দিকী বলেন, ২০১৪ সালে দেশে এক লাখ ৯১ হাজার ১৫৫ জন যক্ষ্মার নতুন রোগী শনাক্ত হয়। এদের মধ্যে শিশু ছিল ছয় হাজার ৩১৮ জন। তিনি বলেন, ব্র্যাকসহ ৪৩টি এনজিও মাঠ পর্যায়ে সরকারের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে।
যক্ষ্মাকে জনস্বাস্থ্য সমস্যা উল্লেখ করে মূল উপস্থাপনায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরামর্শক মজিবুর রহমান বলেন, দেশে প্রতি লাখ মানুষের মধ্যে ৪০২ জন যক্ষ্মায় আক্রান্ত। যক্ষ্মার কারণে মৃত্যু হচ্ছে প্রতি লাখে ৫১ জনের।
জাতীয় কর্মসূচির ওষুধ প্রতিরোধী যক্ষ্মা বিষয়ক পরামর্শক আব্দুল হামিদ সেলিম বলেন, দেশে ওষুধ প্রতিরোধী যক্ষ্মার জীবাণুতে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে চার হাজার ৭০০ রোগী শনাক্ত করা সম্ভব হয়েছে।
সংবাদ সম্মেলনের শুরুতে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডাইরেক্টর আহম্মদ হোসেন খান বলেন, জনসচেতনতা বাড়িয়ে যক্ষ্মার প্রকোপ কমানো সম্ভব। এ ক্ষেত্রে গণমাধ্যম বড় ভূমিকা পালন করতে পারে।
বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে জাতীয় যক্ষ্মা কর্মসূচি, ব্র্যাক, আইসিডিডিআরবি, ইউএসএআইডি, বিজিএমইএ, বিকেএমইএসহ বেশ কিছু প্রতিষ্ঠান র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।
অনুষ্ঠানে জানানো হয় যক্ষ্মা শনাক্তকরণে সব ধরনের পরীক্ষা ও চিকিৎসা বিনা মূল্যে করা হয়।
পরীক্ষা ও চিকিৎসা পাওয়া যায়: জেলা সদর হাসপাতাল, উপজেলা হাসপাতাল, ৪৪টি বক্ষব্যাধি ক্লিনিক ও হাসপাতাল, চারটি বিভাগীয় বক্ষব্যাধি হাসপাতাল ও ঢাকার জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল এবং বডার গার্ড বাংলাদেশ, পুলিশ ও আনসার পরিচালিত হাসপাতাল এবং নির্দিষ্ট এনজিও ক্লিনিক।