দেশে দুই ধরনের যক্ষ্মাই বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ছয়টি দেশে সাধারণ যক্ষ্মা ও ওষুধ প্রতিরোধী যক্ষ্মার প্রকোপ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এই ছয় দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে। অন্য দেশগুলো হচ্ছে উত্তর কোরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া ও ভিয়েতনাম।

গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘বৈশ্বিক যক্ষ্মা প্রতিবেদন ২০১৬’-তে এই তালিকা প্রকাশ করেছে। বিশ্বের যে ২০টি দেশে সাধারণ যক্ষ্মার প্রকোপ বেশি, সেই তালিকায় বাংলাদেশের নাম আছে। আবার যে ২০টি দেশে ওষুধ প্রতিরোধী যক্ষ্মার প্রকোপ বেশি, সেই তালিকাতেও বাংলাদেশ রয়েছে।

বিশেষজ্ঞ যক্ষ্মা চিকিৎসকেরা বলছেন, সঠিক মাত্রায় পূর্ণ মেয়াদে ওষুধ সেবন না করলে যক্ষ্মার জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে ওঠে। ওষুধ প্রতিরোধী যক্ষ্মার চিকিৎসায় ২৪ মাস ওষুধ সেবন করতে হয়। সাধারণ যক্ষ্মায় ওষুধ সেবন করতে হয় ছয় মাস। প্রতিবেদন বলছে, সাধারণ যক্ষ্মা রোগীর চিকিৎসায় খরচ হয় ১০০ থেকে ১ হাজার মার্কিন ডলার। আর ওষুধ প্রতিরোধী রোগীর চিকিৎসায় খরচ হয় ২ থেকে ২০ হাজার ডলার।

বার্ষিক এই প্রতিবেদনে বলা হয়েছে, আগে যা ভাবা হয়েছিল, বৈশ্বিক যক্ষ্মার মহামারি তার চেয়েও বড়। তবে যক্ষ্মায় মৃত্যু ও নতুন যক্ষ্মায় আক্রান্তের হার আগের চেয়ে কমেছে। ২০১৫ সালে দেশে ২ লাখ ৯ হাজার ৪৩৮ জন নতুন রোগী শনাক্ত হয়। গত বছর দেশে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ১০০ জন।

সরকারের সঙ্গে যক্ষ্মা নিয়ন্ত্রণে কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক। ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রধান ডা. শায়লা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদনে কিছু ভালো খবরও আছে। যেমন মৃত্যুহার আগের চেয়ে কমেছে। ২০১৪ সালে এক লাখে মৃত্যু ছিল ৫১। ২০১৫ সালে কমে হয়েছে ৪৫।’

প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন আয়ের দেশগুলোতে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি দাতাদের অর্থের ওপর বহুলাংশে নির্ভরশীল। অর্থের প্রয়োজন ও অর্থায়নের মধ্যে ফারাক অনেক। বাংলাদেশে এই কর্মসূচির ৮৭ শতাংশ অর্থ আসে দাতাদের কাছ থেকে।

এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের যক্ষ্মা ও কুষ্ঠ কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শহিদ মো. সাদিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে অর্থায়নের পরিস্থিতি সন্তোষজনক। আগামী বছর শুরু হতে যাওয়া স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচিতে সরকারের বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে।’