দেশে দুই লাখ মানুষ ডাউন সিনড্রোমে ভুগছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বছরে সাড়ে পাঁচ হাজার শিশু ‘ডাউন সিনড্রোম’ নিয়ে জন্ম নেয়। দেশে এই রোগে ভোগা মানুষের সংখ্যা এখন প্রায় দুই লাখ। সুচিকিৎসার ব্যবস্থা করা গেলে এমন ‘ডাউন সিনড্রোম’ নিয়ে শিশুর জন্ম এড়ানো সম্ভব। কিন্তু রোগটির মোকাবিলায় সরকারি বা বেসরকারি পর্যায়ে তেমন কোনো আলোচনা নেই। সমাজের এই অংশটি ‘প্রতিবন্ধী’ হিসেবে কোনো রকমে বেঁচে আছে।

চিকিৎসকেরা বলেন মানবদেহে ডিএনএ বা ক্রোমোজোম অসামঞ্জস্য দেখা দিলে নানারকম শারীরিক ও মানসিক ত্রুটি দেখা দেয়। এ ধরনের ত্রুটিকে জন্মগত ত্রুটি বা জেনেটিক ত্রুটি বলা হয়। ডাউন সিনড্রোম বা ‘ডাউন শিশু’ জেনেটিক ত্রুটিযুক্ত মানব শিশু। এদের শরীরের প্রতিটি কোষে ২১ নম্বর ক্রোমোজমের সঙ্গে আর একটি ক্রোমোজম থাকে। আর এই অতিরিক্ত ক্রোমোজমটির কারণে ডাউন শিশুর বিশেষ কিছু শারীরিক ও মানসিক ত্রুটি লক্ষ্য করা যায়। এই শিশুদের মধ্যে মাংসপেশির শিথিলতা, কম উচ্চতা, চ্যাপ্টা নাক, ছোট কান, হাতের তালুতে একটি মাত্র রেখা ও জিভ বের হয়ে থাকা ইত্যাদি বৈশিষ্ট্য দেখা যায়।
২১ নম্বর ক্রোমোজম তিনটি থাকে বলে ২১ / ৩ বা একুশে মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত হয়। আজ শনিবার ছিল বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডাউন সিনড্রোম অ্যাসোসিয়েশন জাতীয় প্রেসক্লাব থেকে বিএমএ ভবন পর্যন্ত র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, আমদা বাংলাদেশ ও কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলও আলোচনা সভার আয়োজন করে। এ ছাড়া গতকাল শুক্রবার ঢাকার একটি রেস্তোরাঁয় ফ্যামিলি ফাউন্ডেশন ও ডিএনএ সলিউশন লিমিটেডও যৌথভাবে একটি আলোচনা সভার আয়োজন করে।
এ বছর দিবসটির স্লোগান ছিল, ‘আমার সুযোগ, আমার পছন্দ-পরিপূর্ণ উপভোগে চাই সমঅধিকার।’ আলোচকেরা বলেন, সঠিক যত্ন, পুষ্টিকর খাবার, কথা বলা ও ভাষা শেখার প্রশিক্ষণ ও ফিজিক্যাল থেরাপি দিলে এরা অনেকটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। চিকিৎসকেরা বলেন, ভ্রূণের ১১ থেকে ১৪ বা ১৫ থেকে ১৮ সপ্তাহের সময় পরীক্ষা করে ডাউন সিনড্রোম সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তখন ভ্রূণের আকৃতি হয় দুই থেকে চার ইঞ্চি। পরীক্ষায় ধরা পড়ার পর বাবা-মা গর্ভাবস্থা চালিয়ে যাবেন কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের শিক্ষক রেজাউল করিম কাজল বলেন, সাধারণত নারী যত বেশি বয়সে মা হবেন, তাঁর ডাউন শিশু জন্মানোর আশঙ্কা তত বেশি হবে। বিশেষত ৩৫ বছর বয়সের পর ঝুঁকি দ্রুত বাড়তে থাকে। শতকরা প্রায় পাঁচ ভাগ ক্ষেত্রে বাবা-মা ডাউন সিনড্রোমের বাহক হয়ে থাকেন। এ ছাড়া ভেজাল খাবার খাওয়া, প্রসাধনী ব্যবহার করা ও ক্ষতিকর রশ্মির কারণে ডাউন শিশু জন্মায়। এই শিশুদের বেশির ভাগ হৃদ্‌রোগে ভোগে এবং খুব ছোটবেলায় মারা যায়। অনেকে দেখা ও শোনার সমস্যা, স্থূলতা, নানারকম জীবাণু সংক্রমণের ঝুঁকিতে ভোগে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান শরীফ আখতারুজ্জামান বলেন, গর্ভবতী মায়ের রক্ত পরীক্ষা করে ডাউন সিনড্রোম সন্দেহ হলে গর্ভের শিশুর ডিএনএ পরীক্ষা করা উচিত। যেসব মায়ের বারবার গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার ইতিহাস আছে তাঁদের ডিএনএ পরীক্ষা করে দেখা উচিত।
ইন্টারভেনশনাল রেডিওলোজিস্ট সায়মা আক্তার চৌধুরী বলেন ডাউন শিশুর শারীরিক ত্রুটি বেশির ভাগ ক্ষেত্রেই আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে মায়ের গর্ভেই নির্ণয় করা যায়।