দেশে দুধের ঘাটতি ৫২ শতাংশ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে ২৫০ মিলিলিটার দুধ খাওয়া প্রয়োজন। কিন্তু বাংলাদেশের মানুষের দুধের গড় প্রাপ্যতা ১২২ মিলিলিটার। এতে দুধের ঘাটতি প্রায় ৫২ শতাংশ।
গত ১ জুন ছিল বিশ্ব দুগ্ধ দিবস। দিবসটি উপলক্ষে আজ শনিবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে ডেইরি বিজ্ঞানীরা এসব তথ্য জানান। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডেইরি বিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ আশিকুল ইসলাম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ডেইরি বিজ্ঞানী অধ্যাপক মো. নূরুল ইসলাম। তিনি বলেন, দুধের ঘাটতি মেটাতে বছরে প্রায় দুই হাজার কোটি টাকার গুঁড়া দুধ আমদানি করতে হয়। আমদানি করা এসব গুঁড়া দুধের মান নিয়েও রয়েছে যথেষ্ট সংশয় ।
সেমিনারে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বিশেষ অতিথি জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন, বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডিন অধ্যাপক এস ডি চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়াও সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর উপস্থিত ছিলেন।
দিবসটি উদ্যাপন উপলক্ষে আজ সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী ও কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য এক শোভাযাত্রার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগ, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা, মিল্ক ভিটা ও প্রাণ যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে।