দেশে দুর্নীতি আগের মতোই

দুর্নীতির বিশ্বজনীন ধারণাসূচকে বাংলাদেশ পরিস্থিতির হেরফের হয়নি। আগের বছরের মতো এবারও বাংলাদেশের নম্বর বা স্কোর ২৫। তবে টিআইবি মনে করছে, বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা এখনো উদ্বেগজনক।
বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বিশ্বজুড়ে দুর্নীতির যে ধারণাসূচক বা সিপিআই-২০১৫ (করাপশন পারসেপশনস ইনডেক্স) প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। আগের বছরে ছিল ১৪।
গতকাল বুধবার সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে বার্লিনের সঙ্গে একযোগে এটি প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ওই প্রতিবেদনে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যৌথভাবে শীর্ষে আছে সোমালিয়া ও উত্তর কোরিয়া। আর কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে ডেনমার্ক।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত টিআইয়ের প্রতিবেদন মেনে নিয়ে বলেছেন, ‘দুর্নীতি রোধে কোনো উন্নতি হয়নি বলে আমার ধারণা। এ ব্যাপারটা নিয়ে আমি কথাও বলতে চাই না। দুর্নীতির ব্যাপারটাতে আমরা টাচ-ই করতে পারিনি।’ গতকাল বিকেলে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান অর্থমন্ত্রী।
টিআইয়ের প্রতিবেদনে বলা হয়, সূচকে অন্তর্ভুক্ত মোট ১৬৮টি দেশের মধ্যে উচ্চক্রম (ভালো থেকে খারাপের দিকে) অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ১৩৯তম। আগের বছর ১৭৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৫তম। তবে সূচকের ১০০ মানদণ্ডের মধ্যে এবার বাংলাদেশের স্কোর ২৫।
সিপিআই সূচকে ‘০’ স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত বা সর্বোচ্চ সুশাসন প্রতিষ্ঠিত দেশ বলে ধারণা করা হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘স্কোরের দৃষ্টিকোণ থেকে বিচার করলে দুর্নীতি বেড়েছে বা কমেছে সেটা বলা যায় না। কিন্তু আমাদের ভালো স্কোর করার সুযোগ থাকলেও করতে পারিনি। বৈশ্বিক গড় স্কোরের তুলনায় এবারও বাংলাদেশের স্কোর অনেক কম। তাই বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা এখনো উদ্বেগজনক পর্যায়েই রয়ে গেছে।’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন দুর্নীতির ধারণাসূচকের স্কোর আগের অবস্থায় থাকাকে ইতিবাচক হিসেবে দেখছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমাদের দুর্নীতিবিরোধী অভিযানের কারণে পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়নি।’ প্রাতিষ্ঠানিক কিছু সীমাবদ্ধতার কারণেও অনেক সময় দুর্নীতিবিরোধী কার্যক্রমে সমস্যা হয় মন্তব্য করে তিনি বলেন, সরকারের সহায়তায় সামনের দিনগুলোতে এ অভিযান আরও জোরদার হবে। দুর্নীতি আরও সহনীয় পর্যায়ে আসবে।
গতকাল সকালে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ অনুষ্ঠানে এর বিভিন্ন দিক তুলে ধরেন ইফতেখারুজ্জামান। বক্তব্য দেন সংস্থাটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল ও ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান।
ইফতেখারুজ্জামান বলেন, ‘উচ্চক্রম অনুযায়ী ২০১৫ সালে বাংলাদেশের ছয় ধাপ অগ্রগতি কিছুটা সন্তোষজনক মনে হতে পারে। কিন্তু বাস্তবে তা হওয়ার কারণ, সাতটি দেশ এবার জরিপের আওতাভুক্ত হয়নি। এসব দেশ সব সময়ই বাংলাদেশের তুলনায় বেশি স্কোর পেয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান শুধু আফগানিস্তানের আগে। সার্বিক বিবেচনায় এবারও আমাদের অগ্রগতি হলো না।’
সূচকে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও অগ্রগতি না হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণকে চিহ্নিত করেছে টিআইবি। সংস্থাটি বলছে, দুর্নীতিবিরোধী অঙ্গীকার অনুযায়ী অনেক ইতিবাচক উদ্যোগ রয়েছে। কিন্তু পদক্ষেপ গ্রহণ ও দুদকের প্রত্যাশিত সক্রিয়তা ও কার্যকরতার অভাব এবং দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার ঘাটতি, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ব্যবসা প্রসার, ভূমি, নদী ও জলাশয় দখল, জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের দুর্বলতা, স্বার্থের দ্বন্দ্ব, অবৈধ লেনদেন, কালোটাকা সাদা করা ও বিদেশে অর্থ পাচারের সুযোগের কারণে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়নি।
এ ছাড়া অস্বীকৃতির সংস্কৃতি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে বলে মনে করছে টিআইবি। সংস্থাটি বলছে, হল-মার্ক, ডেসটিনি, রানা প্লাজা, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক ও অন্যান্য ব্যাংকের দুর্নীতি, শেয়ারবাজারসহ উচ্চপর্যায়ের কেলেঙ্কারি, ক্ষমতাবানদের বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদের বিষয়ে সরকারের একাংশের অস্বীকৃতির মানসিকতা দেখা গেছে।
আর্থিক খাতের কারণে বাংলাদেশের দুর্নীতি সূচকে ইতিবাচক অগ্রগতি হচ্ছে না—টিআইবির এ বক্তব্যের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সেটা হতে পারে।’ তিনি বলেন, হল-মার্কসহ বিভিন্ন ঘটনায় সরকারের পদক্ষেপগুলোও বিবেচনা করতে হবে। আর্থিক কেলেঙ্কারির কারণে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের পর্যায়ের কাউকে এর আগে কখনোই আইনের আওতায় আনা হয়নি।
টিআইয়ের দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী, ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। দেশটির স্কোর ৯১। এর পরে রয়েছে যথাক্রমে ফিনল্যান্ড ও সুইডেন। সর্বনিম্ন ৮ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যৌথভাবে শীর্ষে আছে উত্তর কোরিয়া ও সোমালিয়া। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে আফগানিস্তান ও সুদান।
বৈশ্বিক অবস্থানের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। এ অঞ্চলের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে আফগানিস্তান। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে ভুটান।
সুলতানা কামাল বলেন, বাংলাদেশের স্কোর গতবারের চেয়ে না কমায় কিছুটা স্বস্তি পেলেও বসে থাকলে চলবে না। এখনো গড় স্কোরের (৪৩) কাছাকাছিও পৌঁছানো যায়নি। তা ছাড়া সামগ্রিকভাবে দেশের উন্নয়ন হলেও উন্নয়নের সঙ্গে দেখতে হবে যে দুর্নীতি কমছে কি না, গণতান্ত্রিক ব্যবস্থা ঠিক আছে কি না। গণতন্ত্রের বিনিময়ে উন্নয়ন কতটা গ্রহণযোগ্য, সেটা নিয়েও ভাবার অবকাশ রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ একাদিক্রমে পাঁচ বছর তালিকার সর্বনিম্ন অবস্থানে ছিল। ২০০৬ সালে এই অবস্থান হয় নিম্নক্রম অনুযায়ী তৃতীয়, ২০০৭ সালে সপ্তম, ২০০৮ সালে দশম, ২০০৯ সালে ১৩তম, ২০১০ সালে ১২তম, ২০১১ ও ২০১২ সালে ১৩তম, ২০১৩ সালে ১৬তম এবং ২০১৪ সালে ১৪তম।
এবারের প্রতিবেদনে বৈশ্বিক দুর্নীতি পরিস্থিতির ক্রমশ অবনতির তথ্য তুলে ধরে বলা হয়, বৈশ্বিকভাবেই অবস্থার অবনতি হয়েছে। কোনো দেশই শতভাগ স্কোর পায়নি। উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, বেলজিয়াম, জাপান, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, ইতালি প্রভৃতি দেশ ৮০ শতাংশের কম স্কোর পেয়েছে। ডেনমার্ক গতবার ৯২ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকলেও এবার তাদের স্কোর ৯১। এ ছাড়া নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, লুক্সেমবুর্গ ও সিঙ্গাপুরের মতো দেশের স্কোরও কমেছে।
করণীয়: দুর্নীতির সূচক তুলে ধরার পাশাপাশি দুর্নীতি কমাতে করণীয় বিষয়েও কিছু পরামর্শ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, রাজনৈতিক সদিচ্ছা হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণের চাবিকাঠি। দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অঙ্গীকার বাস্তবায়নের পরামর্শ দেয় সংস্থাটি।
টিআইবির ট্রাস্টি এম হাফিজউদ্দিন খান বলেন, ‘যদি সংসদীয় কমিটিগুলো কার্যকর হয়, প্রশাসনযন্ত্র সংসদের জবাবদিহির মধ্যে থাকে, বিরোধী দল কার্যকর ভূমিকা পালন করতে পারে, তাহলে অবস্থার আরও উন্নতি হতে পারে।’ সংসদের পাশাপাশি দুদককে সত্যিকার অর্থে স্বাধীন ও কার্যকর, বিচার-প্রক্রিয়ায় সততা ও আইনের শাসন নিশ্চিত, জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুপারিশ করা হয়। আইনপ্রয়োগকারী সংস্থা ও প্রশাসনকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করা এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার পরামর্শও দেওয়া হয়েছে প্রতিবেদনে।
পাশাপাশি দুর্নীতিবিরোধী কার্যক্রম বৃদ্ধির জন্য সুশীল সমাজসহ সাধারণ নাগরিক, গণমাধ্যম, বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওগুলোর সক্রিয় ভূমিকা রাখার জন্য একটি উপযোগী পরিবেশ সৃষ্টির তাগিদ দেওয়া হয়।
জরিপ প্রক্রিয়া: সংবাদ সম্মেলনে জানানো হয়, টিআইবির গবেষণার কোনো তথ্য এই সূচকে ব্যবহার করা হয়নি। সিপিআই নির্ণয়ে টিআইবি কোনো ভূমিকা পালন করে না। পৃথিবীর অন্যান্য দেশের টিআই চ্যাপ্টারের মতোই টিআইবিও দুর্নীতির ধারণা সূচক দেশীয় পর্যায়ে প্রকাশ করে মাত্র। ২০১৫ সালের সিপিআইয়ে ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের আগস্ট পর্যন্ত সময়ের তথ্য সংগৃহীত হয়েছে। জরিপে ব্যবহার করা তথ্যের মূল প্রতিপাদ্য হলো: দুর্নীতি ও ঘুষ আদান-প্রদান, স্বার্থের সংঘাত ও তহবিল অপসারণ, ব্যক্তিগত ও রাজনৈতিক দলের স্বার্থে সরকারি পদমর্যাদার অপব্যবহার, অনিয়ম প্রতিরোধে ও দুর্নীতিবাজদের বিচার করতে সরকারের সাফল্য ও ব্যর্থতা, দুর্নীতিবিরোধী উদ্যোগ ও অর্জনে বাধাদান এবং প্রশাসন, কর আদায়, বিচার বিভাগসহ সরকারি কাজে বিধিবহির্ভূত অর্থ আদায়।
টিআই বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ১৩টি জরিপের তথ্য দুর্নীতির ধারণা সূচক তৈরিতে ব্যবহার করে। বাংলাদেশের ক্ষেত্রে সাতটি প্রতিষ্ঠানের জরিপ ব্যবহার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।