দেশে দেশে আগ্রাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে শেষ হলো তৃতীয় আন্তর্জাতিক সাম্রাজ্যবাদবিরোধী ঢাকা সম্মেলন। সম্মেলনে ১২ দফার ঢাকা ঘোষণা গৃহীত হয়।গতকাল মঙ্গলবার সম্মেলনের সমাপনী অধিবেশনে ১২ দফা ঘোষণা দেওয়া হয়। ‘ঢাকা ঘোষণা’য় ইরাক, আফগানিস্তান, লিবিয়াসহ বিভিন্ন দেশে ‘সাম্রাজ্যবাদী আগ্রাসন’ এবং ইরান, কিউবা ও উত্তর কোরিয়ার ওপর হামলার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে চলমান সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের মধ্যে সমন্বয় ও সংহতি জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে।ইন্টারন্যাশনাল অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট অ্যান্ড পিপলস সলিডারিটি কো-অর্ডিনেটিং কমিটির (আইএপিএসসিসি) সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সম্মেলনের তৃতীয় ও শেষ দিন গতকাল সন্ধ্যায় সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয় মহানগর নাট্যমঞ্চের কাজী বশীর মিলনায়তনে। বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও আইএপিএসসিসির সদস্য মুবিনুল হায়দার চৌধুরী এতে সভাপতিত্ব করেন। এবারের সম্মেলনের অর্জনগুলো তুলে ধরেন আইএপিএসসিসির সাধারণ সম্পাদক মানিক মুখার্জি। শুভেচ্ছা বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।এর আগে বিকেল তিনটায় ‘বিশ্ব পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের সংকট এবং আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন লেবাননের প্রতিনিধি মুহাম্মদ কাসেম ও মোহাম্মদ তায়ে। আলোচনা করেন পদার্থবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, সুদানের আহমেদ আবুল রাহমান, ফিলিস্তিনি সংগঠন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) প্রতিনিধি আহমেদ জিবরিল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ।ঢাকা ঘোষণায় যা আছে: ১২ দফা ঢাকা ঘোষণায় মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী শক্তির ইরাক-আফগানিস্তানে দখলদারির তীব্র নিন্দা জানিয়ে গণহত্যার দায়ে সংশ্লিষ্ট শাসকদের যুদ্ধাপরাধী হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়। এতে লিবিয়ায় আগ্রাসনকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করে গাদ্দাফি হত্যার বিচার এবং লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানানো হয়। এ ছাড়া ফিলিস্তিনি জনগণের ওপর মার্কিন মদদে ইসরায়েলি সামরিক হামলা ও গাজা অবরোধের প্রতিবাদ জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দাবি করা হয়। ঘোষণায় ইরানি জনগণের সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের প্রতি একাত্মতা ঘোষণা করা হয়। ঢাকা ঘোষণায় জাতিসংঘকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাবারস্ট্যাম্প হিসেবে আখ্যা দেওয়া হয়। বলিভিয়া-ভেনিজুয়েলাসহ লাতিন আমেরিকার দেশে দেশে চলমান সংগ্রামের সঙ্গে সংহতি জানিয়ে ওই সব দেশের বিরুদ্ধে ‘সাম্রাজ্যবাদী চক্রান্ত’ বন্ধ করার জোর দাবি জানানো হয়।ঘোষণায় বাংলাদেশ-নেপাল-শ্রীলঙ্কা-পাকিস্তান-মালয়েশিয়া-ভিয়েতনামসহ দক্ষিণ-দক্ষিণপূর্ব এশিয়ায় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিশেষ করে ভারত ও চীনের ‘নানামুখী চক্রান্ত এবং প্রকাশ্য ও গোপন ত ৎপরতার’ তীব্র নিন্দা জানানো হয়। এতে বাংলাদেশের খনিজ সম্পদ রক্ষার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়। এ ছাড়া দেশে দেশে প্রবল গণ-আন্দোলন গড়ে তুলে পরস্পরের সঙ্গে সমন্বয় ঘটিয়ে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদকে চিরতরে উ ৎখাত করার আশাবাদ ব্যক্ত করা হয়।