দেশে দেশে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধের সব শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে আজ শনিবার কয়েকটি দেশের বাংলাদেশ হাইকমিশন ও উপহাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সংশ্লিষ্ট হাইকমিশন ও উপহাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ডেনমার্কের কোপেনহেগেন, ইতালির মিলান ও উজবেকিস্তানের তাসখন্দে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এবং ভারতের মুম্বাই ও পাকিস্তানের করাচিতে অবস্থিত বাংলাদেশের উপহাইকমিশনে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।


কোপেনহেগেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত, মিলানে কনসাল জেনারেল রেজিনা আহমেদ, তাসখন্দে রাষ্ট্রদূত মাসুদ মান্নান, মুম্বাইয়ে উপহাইকমিশনার সামিনা নাজ এবং করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন। এরপর হাইকমিশন ও উপহাইকমিশনগুলোতে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এরপর একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাইকমিশন ও উপহাইকমিশনগুলো স্বাধীনতা দিবসটি সামনে রেখে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করবে। এতে সংশ্লিষ্ট দেশগুলোর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।