দেশে দেড় কোটি তরুণ লক্ষ্যভ্রষ্ট প্রজন্মের মতো বেড়ে উঠছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নির্ভরশীল মানুষের সংখ্যা কমে আসছে। দিন দিন বাড়ছে কর্মক্ষম মানুষের সংখ্যা। সারা দেশে যেখানে নির্ভরশীল মানুষের সংখ্যা ৫৮ শতাংশ, সেখানে সিলেট অঞ্চলে এই হার অনেক বেশি। এখানকার গ্রামাঞ্চলে ৭০ দশমিক ১ শতাংশ এবং শহরাঞ্চলে ৬০ দশমিক ৭ শতাংশ মানুষ অন্যের ওপর নির্ভরশীল। এটি আশঙ্কাজনক ও উদ্বেগের বিষয়।গতকাল রোববার বিকেলে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি অভিজাত রেস্তোরাঁর মিলনায়তনে এফআইভিডিবি ও গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে আয়োজিত শিক্ষাবিষয়ক এক অবহিতকরণ সেমিনারে বক্তারা এ তথ্য জানান। ‘এডুকেশন ওয়াচ রিপোর্ট ২০১১-১২-এর সমীক্ষা প্রতিবেদন’-এর ওপর ‘স্কিলস ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: এনহ্যানসিং দ্য ইয়ুথ স্কিলস প্রোফাইল’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এফআইভিডিবির নির্বাহী পরিচালক যেহীন আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডুকেশন ওয়াচের আহ্বায়ক ও গবেষক মনজুর আহমদ। মুখ্য আলোচক ছিলেন স্কলার্সহোম সিলেটের অধ্যক্ষ জুবায়ের সিদ্দিকী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এ কে এম মাযাহারুল ইসলাম। জাহেদ আহমদের সঞ্চালনে মুক্ত আলোচনায় অংশ নেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেরা আক্তার, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার খন্দকার মাহমুদুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, মো. আবদুল মোন্তাকিন, নাসির উদ্দিন আহমদ ও মাহবুবুর রহমান।আয়োজকেরা জানান, বাংলাদেশের মৌলিক শিক্ষা-পরিস্থিতি এবং শিক্ষাক্ষেত্রে অর্জিত অগ্রগতি, গুণগত মান, অর্থায়ন ও কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা পর্যালোচনার লক্ষ্যে পরিচালিত গবেষণাকাজের ধারাবাহিকতায় ১১তম প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছে। এতে দৈবচয়নের মাধ্যমে দেশের সাতটি বিভাগের ২২৫টি উপজেলা ও থানা এবং দুটি মহানগরের ৯০০টি গ্রাম ও মহল্লার ২৪ হাজার ৩০০টি খানার এক লাখ ১৯ হাজার ব্যক্তিকে নির্ধারণ করা হয়। এর মধ্যে ১০ থেকে ২৪ বছর বয়সী ৩৮ হাজার ৭০০ জন তরুণ-তরুণীর মধ্যে জরিপ পরিচালনা করা হয়। পরিচালিত জরিপের তথ্য উল্লেখ করে মূল প্রবন্ধে বলা হয়, কর্মদক্ষতাভিত্তিক শিক্ষার প্রসার না হওয়ায় বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে উঠছে না। দক্ষতার বিকাশে সঠিক পদক্ষেপ না নেওয়ায় দেশে অন্তত দেড় কোটি তরুণ লক্ষ্যভ্রষ্ট প্রজন্মের মতো বেড়ে উঠছেন। ফলে তাঁরা জীবনযাত্রায় মানোন্নয়ন ঘটাতে পারছেন না। তাই প্রশিক্ষণলব্ধ দক্ষতা প্রত্যেক শিক্ষার্থীকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়েই পাওয়া উচিত। মূল প্রবন্ধকার মনজুর আহমদ বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের চেয়ে কারিগরি শিক্ষায় দক্ষ তরুণদের আয়ের পরিমাণ বেশি। যদিও সে আয় পর্যাপ্ত প্রশিক্ষণ কিংবা দক্ষতার অভাবে কম।’মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার সঙ্গে পেশাগত দক্ষতা ও উন্নয়নমূলক শিক্ষাও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। তবেই জাতি কর্মক্ষম প্রজন্ম গড়ে তুলতে পারবে। তা না হলে তরুণদের মধ্যে নিম্ন উৎপাদনক্ষমতা, নিম্নমানের দক্ষতা এবং কুশলতার মানও নিম্ন হবে। এটা হলে একটা চক্রের মধ্যেই সবাই ক্রমশ আবর্তিত হবে। এ অবস্থার উত্তরণ ঘটাতে হলে সঠিকভাবে কর্মদক্ষতা বাড়িয়ে আয় বাড়াতে হবে। তবেই সুখী-সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।