দেশে দৈনিক পত্রিকা ৯০২টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে দেশে মোট ১ হাজার ৯৬৭টি পত্রিকার ঘোষণা (ডিক্লারেশন) দেওয়া আছে। এর মধ্যে দৈনিক পত্রিকার সংখ্যা ৯০২টি। যার সব কটি নিয়মিত প্রকাশিত হয়।
জাতীয় সংসদে গতকাল প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানানো হয়। এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অনুপস্থিতিতে তাঁর পক্ষে তথ্য তুলে ধরেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। অপর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঘোষিত ১ হাজার ৯৬৭টি পত্রিকার মধ্যে তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মিডিয়া তালিকাভুক্ত পত্রিকার সংখ্যা ৫০৪টি।
প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এ খাতের বিভিন্ন পরিকল্পনার তথ্য তুলে ধরেন।
পরে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করেন চট্টগ্রাম-২ আসনের সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী উল্লেখ করে তাঁর বিচার দাবি করেন। গতকাল অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার পর সংসদ অধিবেশন আজ সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হয়রানির ঘটনায় উদ্বেগ
দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-হামলা, নির্যাতন-নিপীড়ন ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের নির্বাহী পরিষদ। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত পরিষদের সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় গৃহীত প্রস্তাবে দৈনিক আমার দেশ, দিগন্ত টিভিসহ বন্ধ গণমাধ্যম ও ইলেকট্রনিক মাধ্যম খুলে দেওয়া, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব মোসাদ্দেক আলী, আবদুস সালামসহ কারাবন্দী সাংবাদিকদের মুক্তি দাবি করা হয়। এ ছাড়া সভার প্রস্তাবে বিএফইউজের সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, গণমাধ্যম দমনের প্রতিবাদে আগামী ২৫ এপ্রিল জাতীয় সাংবাদিক কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শওকত মাহমুদ। সভা পরিচালনা করেন মহাসচিব এম এ আজিজ। বিজ্ঞপ্তি।