বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ধর্মসহিষ্ণুতার চর্চা চলছে। তবে ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। ‘বাংলাদেশের ৪০ বছর: প্রসঙ্গ ধর্মনিরপেক্ষতা’ শীর্ষক সংলাপে অংশগ্রহণকারী একাধিক বক্তা এ কথা বলেন।গতকাল শুক্রবার মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট রাজধানীর মুক্তি ভবনে এ সংলাপের আয়োজন করে। ট্রাস্টের ধারাবাহিক বিশেষ সংলাপের এটি ছিল তৃতীয় কর্মসূচি। মূল প্রবন্ধে সাংবাদিক আবুল মোমেন বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপরিচালনার মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা পুনর্বহাল করা হলেও সংবিধানে ধর্মীয় ছাপ ও রাষ্ট্রধর্ম বহাল রয়েছে। এতে রাষ্ট্র পরিচালনাকারীদের রাজনৈতিক আপসকামিতা ও সুবিধাবাদ প্রকট হয়ে উঠেছে।আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সময়ে রাজনীতিতে সুবিধাবাদ প্রকট হয়ে উঠেছে। অনেকে মন্ত্রী হওয়ার পর দলে যোগ দিচ্ছে, রাজনীতি করছে। তবে মাঠপর্যায় থেকে নেতৃত্ব উঠে আসা উচিত।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, গোঁজামিল দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ এখন আর নৌকা বা ধানের শীষ দেখে ভোট দেয় না। নারায়ণগঞ্জের মানুষ ভালো-মন্দের বিচার করে ভোট দিয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে আরও বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, গণফোরামের সভাপতি পরিষদের সদস্য আবদুর রউফ প্রমুখ।