দেশে নতুন কোনো রাস্তা বা বাইপাস করা সম্ভব হবে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। নতুন রাস্তা বা বাইপাস নির্মাণের প্রস্তাব না আনতে সাংসদদের অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, ‘বিদ্যমান রাস্তা সচল রাখার চেষ্টা করব।’জাতীয় সংসদে গতকাল রোববার জাতীয় পার্টির এস এম আবদুল মান্নানের সম্পূরক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন। সাংসদদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নতুন রাস্তার প্রস্তাব দিলে হয়তো আমি প্রকল্প তৈরি করে দিতে পারি, কিন্তু অর্থ পেলেই কেবল রাস্তা করা সম্ভব হবে।’অপর এক প্রশ্নের জবাবে সৈয়দ আবুল হোসেন বলেন, ‘সড়কগুলোর অবস্থা যে ভালো নয়, সেটি সব সাংসদ বলবেন, আমিও বলব। গণমাধ্যমেও বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে। কিন্তু সমস্যা হলো, সময়মতো প্রয়োজনীয় অর্থের অভাবে এসব রাস্তা ভালো রাখা যায়নি। প্রয়োজন যখন ন্যূনতম পাঁচ হাজার ১০০ কোটি টাকা, তখন দেওয়া হয়েছে ৫৯০ কোটি টাকা।’রাস্তার দুরবস্থা নিয়ে সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন যোগাযোগমন্ত্রী। অধিবেশনে এ সময় সভাপতিত্ব করেন স্পিকার আবদুল হামিদ।সরকারি দলের ফজলে রাব্বী মিয়া বলেন, ‘গাইবান্ধায় দুটি সেতু করার কথা দুই বছর ধরে বলে আসছি। মন্ত্রীর আশ্বাস পেয়ে এলাকার মানুষকে আশ্বাসের বাণীও শুনিয়েছি। এখন মানুষ আর আশ্বাস শুনতে চায় না। অবস্থা এমন দাঁড়িয়েছে, এলাকায় গেলে মানুষ গাড়িও ভেঙে দিতে পারে।’ তিনি জানতে চান, মন্ত্রী কবে গাইবান্ধায় গিয়ে এই সেতুর কাজ শেষ করবেন। জবাবে মন্ত্রী বলেন, ‘কী কারণে ওই সেতুর কাজ বিলম্ব হচ্ছে, তা ওই সাংসদও জানেন। তবে বর্তমান সরকারের মেয়াদেই এ কাজ করা হবে।’খালেদুর রহমান টিটো বলেন, যশোর-খুলনা, যশোর-মাগুরা ও যশোর-নড়াইল সড়কের অবস্থা খুবই নাজুক। এক ঘণ্টার রাস্তা পার হতে তিন ঘণ্টা লাগছে। যেকোনো সময় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।যোগাযোগমন্ত্রীর সমালোচনা করে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, মন্ত্রী একজন সফল ব্যবসায়ী। কিন্তু সফল ব্যবসায়ী আর সফল মন্ত্রী ভিন্ন কথা। সংসদে মন্ত্রী অনেক আশার বাণী শোনালেও কোনো কাজ হয় না। তিনি জানতে চান, পদ্মা সেতুর সর্বশেষ খবর কী?জবাবে মন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। পদ্মা সেতুর বাস্তবায়ন হবেই। কোনো বাধা থাকলে তা দূর করা হবে।সরকারি দলের সুবিদ আলী ভুঁইয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজের অবস্থা সম্পর্কে জানতে চেয়ে বলেন, ‘২০১৩ সালের মধ্যে এ কাজ শেষ হবে বলে মন্ত্রী জানিয়েছেন। কিন্তু যেভাবে কাজ চলছে, তাতে আগামী ১০ বছরেও শেষ হবে কি না, জানি না।’জবাবে মন্ত্রী বলেন, প্রশ্নকর্তা মাননীয় সাংসদ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। তাঁর মন্ত্রণালয়ের অনেক টাকা বরাদ্দ রয়েছে। সেখান থেকে কিছু টাকা দিলে কাজ দ্রুত করা সম্ভব।পাঁচ হাজার কিলোমিটার রাস্তা: সরকারি দলের বেনজীর আহমদের লিখিত প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ঈদুল ফিতরের আগে তাৎক্ষণিক ব্যবস্থায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে পাঁচ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে সৈয়দ আবুল হোসেন জানান, ঢাকার অরক্ষিত রেলক্রসিংগুলো আধুনিকায়নে ‘বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটগুলো পুনর্বাসন ও মান উন্নয়ন’ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পে লোকবল নিয়োগের প্রস্তাবও রয়েছে।