দেশে নারীর অগ্রযাত্রায় বড় বাধা ধর্মভিত্তিক রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশের নারী অগ্রযাত্রায় সবচেয়ে বড় বাধা ধর্মভিত্তিক রাজনীতি ও জামায়াতে ইসলামী। তারা ক্ষমতায় এলে নারীর অগ্রযাত্রা দূরের কথা, আরও ১০০ বছর পিছিয়ে যাবে দেশের নারীরা। দলটির ধর্মীয় রাজনীতির কারণে নারীর ক্ষমতায়নের কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। তাই এদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল সোমবার সকালে এলজিইডি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, ‘জামায়াতের কার্যক্রমে মানবিক দিকগুলো উপেক্ষিত থাকে। তাদের ক্রোশ ভয়ংকর। তাদের কাজই হচ্ছে ধর্মের নামে মানুষকে বঞ্চিত করা; মানুষে-মানুষে বিভক্তি সৃষ্টি করা এবং দেশের অগ্রগতি থামিয়ে দিয়ে আরও পেছনে নিয়ে যাওয়া। তাই এ দেশের মানুষ কোনো দিন তাদের বরদাশত করবে না। আমরা তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করব।’এর আগে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের ঋণসহায়তা নিয়ে স্বনির্ভর হওয়া নয়জন নারীর হাতে সম্মাননা পুরস্কার ও ১০ হাজার টাকা করে তুলে দেন মন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন। স্বাগত বক্তব্য দেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুর রহমান। অনুষ্ঠানে অচিরেই নারীনীতি প্রণয়নের কথা উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, বিচারপতি, বিমানের পাইলটসহ বিভিন্ন পেশায় সর্বোচ্চ আসনে আসীন হয়েছেন নারীরা। তার মানে এই নয় যে, সর্বস্তরে নারীর ক্ষমতায়ন হয়েছে। কিছু ক্ষেত্রে হয়েছে। এখন ইতিবাচক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মাঝারি আয়ের দেশে পরিণত করতে হবে। এ জন্য রাজনৈতিক সদিচ্ছা থাকা প্রয়োজন। কিন্তু ধর্মীয় রাজনীতি এই ইতিবাচক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। আর সেই বাধা সৃষ্টি করছে জামায়াত। এদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী থাকুক, তা আমরাও চাই। বাংলাদেশকে বদলে দিতে হলে নারীর যে অবস্থান আছে, তাও বদলে দিতে হবে আইনের মাধ্যমে। একটি মাত্র আইনের কারণে এখন স্থানীয় সরকারে ৩৩ শতাংশ নারী নির্বাচিত হয়ে আসছেন। সংসদেও ৩০ শতাংশ নারী নির্বাচিত হয়ে আসার ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে স্বনির্ভর নারী সুনামগঞ্জের জাহানারা বেগম ও সাদেকুন নাহার, রাজবাড়ীর শাহিদা খাতুন, খুলনার বীরাঙ্গনা মহলদার, চুয়াডাঙ্গার মোসাম্মত্ আনোয়ারা খাতুন, সিরাজগঞ্জের মোসাম্মত্ জাহেদা খাতুন, কুমিল্লার ফরিদা আক্তার, হবিগঞ্জের পেয়ারা বেগম ও বরগুনার মনোয়ারা বেগমকে সম্মাননা পুরস্কার ও ১০ হাজার টাকা করে দেওয়া হয়। জাহানারা বেগম বলেন, ‘আপনারা যারা রাষ্ট্র চালান, তাঁরা যদি গ্রামের মানুষের কথা একটু ভাবতেন, তাহলে অনেকের জীবনই ভালো হইয়া যাইত। আমি একসময় উপজেলা পরিষদ কী জানতাম না। এখন আমি ইউনিয়ন পরিষদের সদস্য। আমার দুই ছেলেকে ওদের বাবা পড়ালেখা করাবে না। আমি নার্সারি করে দুই ছেলেকে লেখাপড়া শিখাইছি। আমার স্বপ্ন, ওদের একজন কৃষিবিদ আর একজন ইঞ্জিনিয়ার হবে। আজ আমার সেই স্বপ্ন সফল হওয়ার কাছাকাছি। এখন আমি স্বামীকেও টাকা দিতে পারি।’