দেশে নির্মিত যুদ্ধজাহাজ উদ্বোধন
দেশে নির্মিত বড় যুদ্ধজাহাজ বা লার্জ প্যাট্রোল ক্র্যাফটের (এলপিসি) দ্বিতীয়টির উদ্বোধন করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ। গতকাল বুধবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মিত এই যুদ্ধজাহাজের সঙ্গে একটি সাবমেরিন হ্যান্ডলিং টাগ বোটেরও উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান নিজাম উদ্দিন বলেন, আধুনিক যুদ্ধজাহাজ তৈরির মাধ্যমে খুলনা শিপইয়ার্ডের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। দেশের সমুদ্র এলাকায় নিরাপত্তা, সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে এ ধরনের যুদ্ধজাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অত্যাধুনিক যুদ্ধজাহাজটির নাম বানৌজা নিশান। এর নির্মাণে ব্যয় প্রায় ৩৯৪ কোটি টাকা। এতে দুটি কামান ও সাবমেরিন ধ্বংসকারী টর্পেডো লঞ্চার রয়েছে। এ ধরনের যুদ্ধজাহাজের প্রথমটির উদ্বোধন করা হয় গত বছরের ডিসেম্বরে। অর্থের হিসাবে বাংলাদেশে জাহাজ নির্মাণের ইতিহাসে এটিই সবচেয়ে বড় প্রকল্প।