জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমেদ বলেছেন, দেশে এখন পরিবর্তনের দমকা হাওয়া বইতে শুরু করেছে। চার সিটি নির্বাচনে শাসকদলের শোচনীয় ও লজ্জাজনক পরাজয়ের পর জনগণ বলতে শুরু করেছেন সরকারের পতনের ঘণ্টা বেজে উঠেছে। গতকাল শনিবার বিকেলে চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর আহমেদ এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ বলেন, ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘হাসিনার জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে।’ স্বাভাবিকভাবে জনগণের মনে প্রশ্ন উঠেছে, সাড়ে চার বছর আগে যে দল এরশাদের সহযোগিতায় সংসদের তিন-চতুর্থাংশ আসন পেয়ে নির্বাচনে বিশাল বিজয় অর্জন করেছিল, আজ তাদের এ করুণ দশা কেন? কাশিনগর মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির সদর দক্ষিণ উপজেলা সভাপতি হুমায়ুন কবির মুন্সি, চৌদ্দগ্রাম উপজেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক।