দেশে পর্যটন স্মারক বৃদ্ধি করতে হবে: বিমানমন্ত্রী
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘আমাদের দেশে পর্যটন স্মারক বৃদ্ধি করতে হবে। যখন আমরা বাইরে যাই, তখন দেশ থেকে নিয়ে যাওয়ার মতো খুব বেশি জিনিস আমরা পাই না।’
শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গত সোমবার সন্ধ্যা সাতটায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পর্যটনশিল্প সহায়ক স্মারক তৈরির লক্ষ্যে টি-শার্ট বিপণনকারী প্রতিষ্ঠান নিত্য উপহার ‘দেখি বাংলার মুখ’ শিরোনামে আলোকচিত্র প্রতিযোগিতা শেষে এই পুরস্কার দেওয়ার অনুষ্ঠান আয়োজন করে। নিত্য উপহারের এই আলোকচিত্র প্রতিযোগিতায় ১৫১ জনের ৭৫৭টি আলোকচিত্র স্থান পায়। এর মধ্যে ২৭টি আলোকচিত্র টি-শার্টে ছাপানোর জন্য নির্বাচিত হয়।
প্রতিযোগিতায় প্রথম হন তরুণ শখের আলোকচিত্রী মুহাম্মদ শাহ জামান। নিত্য উপহারের প্রধান নির্বাহী বাহার রহমান বলেন, দেশকে তুলে ধরতে তরুণেরা নানা কর্মকাণ্ড করেন। কোথাও ঘুরতে গেলে ছবি তোলেন। পরে সেগুলো হারিয়ে যায়। কিন্তু টি-শার্টের এই মুহূর্তগুলো সবাই দেখতে পাবে। দেশের অপরূপ প্রকৃতিকে তুলে ধরাই এই আয়োজনের উদ্দেশ্য।
অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ জামান খান কবির, ডিজাইনার চন্দ্রশেখর সাহা, প্রথম আলোর উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেন প্রমুখ বক্তব্য দেন।