দেশে পর্যাপ্ত অবেদনবিদ নেই, পদ সৃষ্টি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ বলেছেন, দেশে পর্যাপ্ত অবেদনবিদ (অ্যানেসথেসিওলজিস্ট) নেই। হাসপাতালগুলোতে যতসংখ্যক অবেদনবিদ প্রয়োজন তা নেই। তবে পর্যাপ্ত ও মানসম্মত অবেদনবিদ তৈরির জন্য চেষ্টা করা হচ্ছে।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিল্টন হলে শনিবার এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্ট (বিএসএ) ১৭০তম বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস উপলক্ষে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম বলেন, এখন সারা দেশে অবেদনবিদ আছেন ১ হাজার ৫৭৫ জন। এর মধ্যে সরকারি অবেদনবিদ ৯৪৯ জন এবং বেসরকারি অবেদনবিদ ৬২৬ জন। তিনি বলেন, দুই মাস আগে অবেদনবিদের এই সংখ্যা ছিল ১ হাজার ৪০৪। দেশের বিভিন্ন জেলা, উপজেলা হাসপাতালে যতজন শল্যচিকিৎসক আছেন, সেই পরিমাণে অবেদনবিদ নেই। এখন পদ সৃষ্টি করা হচ্ছে।
পর্যাপ্ত ও মানসম্মত অবেদনবিদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিশেষায়িত অবেদনবিদ বিশেষজ্ঞের প্রয়োজন উল্লেখ করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, শিশু ও নবজাতকের জন্য বিশেষায়িত অবেদনবিদেরও প্রয়োজন আছে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান বলেন, চিকিৎসাসেবায় কে কোন বিষয়ে বিশেষজ্ঞ হবেন, তাতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে কোনো বিষয়ে অনেক বিশেষজ্ঞ আছেন, আবার কোনো বিষয়ে বিশেষজ্ঞের সংখ্যা খুবই কম। তিনি সফল অস্ত্রোপচারে অবেদনবিদের গুরুত্ব উল্লেখ করে বলেন, দেশে অবেদনবিদের সংকট দূর করতে হলে তাঁদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান, বিএসএর সভাপতি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম মাকসুদুল আলম, সাধারণ সম্পাদক দেবব্রত বণিক প্রমুখ।