দেশে পুষ্টি পরিস্থিতির উন্নতি, জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন জরিপ বলছে, দেশে শিশু পুষ্টির উন্নতি হচ্ছে। তিন বছরে খর্বকায় শিশুর হার ৪১ থেকে কমে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। কৃশকায় শিশুর হার ১৬ থেকে কমে ১৪ শতাংশ হয়েছে। একই সময়ে কম ওজনের শিশুর হার ৩৬ থেকে ৩৩ শতাংশ হয়েছে।
এক দশকের বেশি সময় ধরে বলা হচ্ছিল, সার্বিকভাবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হলেও পুষ্টিতে অগ্রগতি হচ্ছে না। কিন্তু বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ ২০১৪ (বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে—বিডিএইচএস) বলছে, পুষ্টির ক্ষেত্রেও দেশের অগ্রগতি হচ্ছে।
তবে সর্বশেষ এই জরিপে দেখা গেছে, দেশে পরিবার পরিকল্পনা কার্যক্রম স্থবির হয়ে আছে। গত তিন বছরে মোট প্রজনন হার (টোটাল ফার্টিলিটি রেট— টিএফআর) একই আছে। ২০১১ সালে এই হার ছিল ২ দশমিক ৩ শতাংশ এবং ২০১৪ সালেও ২ দশমিক ৩। একই সঙ্গে এ সময়ে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারের হার তেমন বাড়েনি।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বিডিএইচএসের প্রাথমিক ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তায় সরকারের জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট) এই জরিপ কাজ পরিচালনা করেছে। মাঠ পর্যায়ে উপাত্ত সংগ্রহ করেছে বেসরকারি প্রতিষ্ঠান মিত্র অ্যান্ড অ্যাসোসিয়েটস। জরিপে দেশের সব জেলার ১৭ হাজার ৩০০ পরিবার এবং ১৭ হাজার ৮৬৩ জন নারীর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি মাঠ পর্যায়ের কাজে সন্তুষ্ট নই। অনেকে নিয়মিত অফিসে যান না, সেবা দেন না।’ তিনি অনুষ্ঠানে উপস্থিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালককে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি পরিবার পরিকল্পনার মাঠ পর্যায়ের কর্মীদের আরও সক্রিয় করেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট স্বাস্থ্য খাতে বাংলাদেশের অর্জনের প্রশংসা করে বলেন, মোট প্রজনন হার (টিএফআর) কমানো, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ব্যবহার বাড়ানো এবং কিশোরীদের সন্তান জন্মদান কমানো এখনো অন্যতম চ্যালেঞ্জ। স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা অব্যাহত রাখার কথা উল্লেখ করে তিনি বিডিএইচএস-এর নতুন উপাত্ত মনোযোগ দিয়ে পড়তে, তথ্য নিয়ে ভাবতে এবং তা বিশ্লেষণ করতে অনুরোধ করেন যেন এসব তথ্য মানুষের স্বাস্থ্যের উন্নতিতে কাজে লাগানো যায়।
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৯৩ সাল থেকে বাংলাদেশে এই জরিপ শুরু হয়েছে। প্রতি তিন বছর পরপর এই জরিপ করা হয়। সর্বশেষ ২০১১ সালে এই জরিপ হয়েছিল। ইউএসএআইডির মিশন ডিরেক্টর ইয়ানিনা জেরুজেলক্সি বলেন, ৮০টি দেশে এই জরিপ হয়। নীতিনির্ধারক, কর্মসূচি বাস্তবায়নকারী ও গবেষকদের কাছে এই জরিপের তথ্যের গ্রহণযোগ্যতা খুব বেশি।
পুষ্টির উন্নতি হচ্ছে: ২০০৪ সালে দেশে পাঁচ বছরের কম বয়সী খর্বকায় (বয়সের তুলনায় উচ্চতা কম) শিশু ছিল ৫১ শতাংশ। সর্বশেষ ২০১১ সালের বিডিএইচএসে দেখা যায় এই হার ছিল ৪১ শতাংশ। আর গতকাল সর্বশেষ জরিপের ফলাফল প্রকাশের সময় বলা হয়, বর্তমানে ৩৬ শতাংশ শিশুর উচ্চতা বয়সের তুলনায় কম।
সর্বশেষ জরিপ বলছে, পাঁচ বছরের কম বয়সী ১৪ শতাংশ শিশু কৃশকায়, অর্থাৎ এরা উচ্চতার তুলনায় খুবই হালকা-পাতলা। ২০১১ সালে এ রকম শিশু ছিল ১৬ শতাংশ। এ ক্ষেত্রেও উন্নতি হয়েছে। অপুষ্টির শিকার হলে শিশু খর্বকায় ও কৃশকায় হয়।
এই বয়সী শিশুদের ওজন যদি প্রয়োজনের চেয়ে কম হয় তাহলেও তা অপুষ্টির নির্দেশক। কম ওজনের শিশু ২০০৪ সালে ছিল ৪৩ শতাংশ। ২০১১ সালে ছিল ৩৬ শতাংশ। আর বর্তমানে ৩৩ শতাংশ।
গবেষকেরা বলছেন খর্বতা, কৃশতা ও ওজন স্বল্পতা—এই তিনটি ক্ষেত্রেই অবস্থার উন্নতি হচ্ছে। এই উন্নতির অন্যতম কারণ দারিদ্র্য হ্রাস ও সম্পদ বৃদ্ধি এবং শিক্ষিত মা-বাবার সংখ্যা বৃদ্ধি।
তবে জরিপ বলছে, ছয় মাস বয়স পর্যন্ত শিশুদের শুধু বুকের দুধ খাওয়ানোর হার আগের চেয়ে কমেছে। ২০১১ সালে এই হার ছিল ৬৪ শতাংশ। বর্তমানে এই হার ৫৫ শতাংশ। অন্যদিকে শিশুদের টিকাদানের হারও কমেছে। সব ধরনের টিকা পায় এমন শিশু ২০১১ সালে ছিল ৮৩ শতাংশ। বর্তমানে ৭৮ শতাংশ। গতকালের অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘শিশুদের টিকাদানের হার কমে যাওয়া দুঃখজনক।’
পরিবার পরিকল্পনা সেবা স্থবির: চার দশকে বাংলাদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্য দেখিয়েছে। এই সাফল্য এসেছে প্রজনন হার কমানো (টিএফআর) ও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার (সিপিআর) বাড়ানোর মধ্য দিয়ে। ১৯৭৫ সালে টিএফআর ও সিপিআর ছিল যথাক্রমে ৬ দশমিক ৫ এবং ৮। কিন্তু গত তিন-চার বছর জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি অনেকটা স্থবির হয়ে আছে। জরিপের তথ্য সে কথাই বলছে।
দেশে মোট প্রজনন হার বা টিএফআর এখন ২ দশমিক ৩। অর্থাৎ একজন নারী তার প্রজনন বয়সে (১৫ থেকে ৪৯ বছর) গড়ে ২ দশমিক ৩টি শিশুর জন্ম দেয়। ২০১১ সালের জরিপেও টিএফআর ছিল ২ দশমিক ৩। এ ক্ষেত্রে ২০১৬ সালের মধ্যে টিএফআর ২ করার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে হয়েছিল তা অর্জিত হচ্ছে না।
অন্যদিকে গত তিন-চার বছরে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার তেমন বাড়েনি। ২০১১ সালে সিপিআর ছিল ৬১। বর্তমানে এই হার ৬২। ২০১৬ সালের মধ্যে সিপিআর ৭২-এ উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ ক্ষেত্রেও তা অর্জিত হচ্ছে না বলে গতকালের অনুষ্ঠানে বলা হয়।