দেশে পুষ্টির দারিদ্র্য বেড়েছে: আবুল বারকাত
অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত বলেছেন, সরকার যে দারিদ্র্য কমার কথা বলে, সেটা সম্পূর্ণ মিথ্যা। হয়তো খাদ্যের দারিদ্র্য কমেছে, কিন্তু পুষ্টির দারিদ্র্য বেড়েছে।
আজ রোববার রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আবুল বারকাত এ দাবি করেন। তিনি বলেন, ‘রাজনীতিবিদেরা বলে যাচ্ছেন, বাংলাদেশে দারিদ্র্য কমেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। হয়তো খাদ্যের দারিদ্র্য কমেছে, কিন্তু পুষ্টির দারিদ্র্য বেড়েছে। আয় বেড়েছে কিন্তু চিকিৎসা না পাওয়ার দারিদ্র্য বেড়েছে। পাঠ্যপুস্তকে হেফাজতে ইসলামের দাবি যুক্ত হয়, সে হিসেবে শিক্ষার দারিদ্র্য বেড়েছে।’
আবুল বারকাত আরও বলেন, বাংলাদেশ ভুল পথে যাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে মৌলবাদকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ আবার আওয়ামী মুসলিম লীগে ফেরত যাচ্ছে। মৌলবাদের অর্থনীতিকে সমাজের সর্বস্তরে তোষণ করা হচ্ছে।
গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ দিন শাহবাগে আয়োজন করা হয় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার। এ সময় শিশুদের রং-তুলিতে উঠে আসে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, গণজাগরণ মঞ্চের আন্দোলন এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ। গণজাগরণ মঞ্চের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে। পরে ‘জাগরণযাত্রা’ শীর্ষক শোভাযাত্রা করেন মঞ্চের কর্মী-সংগঠকেরা। কার্টুন ও স্লোগানসংবলিত বিভিন্ন ফেস্টুন নিয়ে হাজির হন তাঁরা। শোভাযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে আবার শাহবাগে ফিরে আসে।
পরে শুরু হয় ‘সাম্প্রদায়িক আগ্রাসন, উগ্র মৌলবাদ, ’৭২-এর সংবিধান, কোন পথে বাংলাদেশ?’ শীর্ষক আলোচনা সভা। সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ অজয় রায় বলেন, ‘আজ বড় অসহায় লাগে। দেশে এখন কোনো উৎপাদন হচ্ছে না, শিল্প প্রতিষ্ঠা হচ্ছে না, আমরা দিনদিন একটি নিষ্ক্রিয় উৎপাদনহীন জাতিতে পরিণত হচ্ছি। অর্থ-সম্পদ লুট হয়ে যাচ্ছে। আমরা কিছু করতে পারছি না। বলা বাহুল্য, মুক্তিযুদ্ধের বাংলাদেশ যে পথে চলার কথা ছিল, বর্তমান বাংলাদেশ চলছে তার উল্টো পথে।’
অজয় রায় বলেন, ‘নাসিরনগর ১৯৭১ সালে হিন্দুধর্মাবলম্বীদের কাছে একটি সুরক্ষিত স্থান ছিল, সেখানে এই সময়ের ব্যবধানে কী এমন হলো যে তাদের প্রতিবেশীরাই তাঁদের ওপর চড়াও হয়? কোনো কারণ ছাড়া এভাবে সাম্প্রদায়িক আগ্রাসন চলছে। পুরোহিত, সেবককে হত্যা করা হচ্ছে। মন্দির ধ্বংস হচ্ছে। শিয়া ও আহমদিয়া সম্প্রদায়, যাঁরা নিজেদের একই নবীর অনুসারী দাবি করেন, তাঁদের ওপরও আক্রমণ হচ্ছে। মুক্তমনাদের নাস্তিক আখ্যা দিয়ে চাপাতি দিয়ে কোপানো হচ্ছে। আমরা এই আগ্রাসন থেকে রেহাই পেতে চাই।’
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘সর্বগ্রাসী সাম্প্রদায়িক আগ্রাসন থেকে কোমলমতি শিশুরাও রেহাই পাচ্ছে না। ধর্মভিত্তিক দলগুলো সামগ্রিক শিক্ষা কাঠামো নিয়ন্ত্রণ করছে। তারা ঠিক করে দিচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্ম কী পড়বে, কী পড়বে না। তাদের দাবির প্রত্যেকটি একদম অক্ষরে অক্ষরে পালন করছে সরকার।’ তিনি বলেন, ‘একদিকে জঙ্গিবাদ দমনের জন্য অপারেশনের নাটক করবেন, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের নামে জঙ্গিবাদের কারখানা করবেন, সেটা হতে দেওয়া হবে না।’
আলোচনা সভায় ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, সাংবাদিক আবু সাইদ খান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আশরাফউদ্দিন চৌধুরী, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব প্রমুখ বক্তব্য দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান।