দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ১৮ লাখ মেট্রিক টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় ১৮ লাখ মেট্রিক টন। খবর বাসসের।

জাতীয় সংসদে গত রোববার সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য দেন। এ সময় তিনি আরও বলেন, ২০১৩-১৪ অর্থবছরে দেশে পেঁয়াজের উৎপাদন ছিল ৩৭ দশমিক ৮৭ লাখ মেট্রিক টন। অর্থাৎ প্রায় পাঁচ লাখ মেট্রিক টন পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করতে হয়, যার সিংহভাগই ভারত থেকে আমদানি করা হয়।

তোফায়েল বলেন, ২০১৪ সালের জুনের মাঝামাঝি সময় পর্যন্ত ভারত থেকে প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানির এলসি মূল্য ছিল ১৫০ মার্কিন ডলার। ২০১৪ সালের ১৭ জুনে ভারত সরকার উক্ত দেশ থেকে প্রতি মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির সর্বনিম্ন এলসি মূল্য ৩০০ মার্কিন ডলারে উন্নীত করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসের আগে পেঁয়াজের বাজার স্থিতিশীল ছিল। ওই সময়ে প্রতি কেজি পেঁয়াজের মূল্য ছিল ২৮ থেকে ৩০ টাকা। পরবর্তী সময়ে ২০১৪ সালের ২ জুলাই অর্থাৎ পবিত্র রমজান মাসে ভারত আবার পেঁয়াজ রপ্তানির সর্বনিম্ন এলসি মূল্য প্রতি মেট্রিক টন ৩০০ মার্কিন ডলার থেকে ৫০০ মার্কিন ডলারে উন্নীত করে। ফলে পেঁয়াজের মূল্য কিছুটা বেড়ে প্রতি কেজি ৩৫ থেকে ৪৫ টাকা হয়।