পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশে প্রজনন হার ২ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। ২০০১ সালে প্রজনন হার ছিল ৩ শতাংশ। সত্তরের দশকে ছিল ৬ দশমিক ৩ শতাংশ।স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক গতকাল সোমবার জাতীয় সংসদে সরকারি দলের ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি জানান, পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ৫৫ দশমিক ৮ ভাগে উন্নীত হয়েছে।তিন দিন বিরতির পর বিকেলে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন আবার শুরু হয়। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার সুবিধার্থে আগের সিদ্ধান্ত অনুসারে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়।সরকারি দলের সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দ্রুততম সময়ে জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের একটি জাতীয় সমস্যা। তবে এটি একদিকে যেমন সমস্যা, অন্যদিকে বিশাল এ জনসম্পদ কাজে লাগিয়ে সম্ভাবনায় পরিণত করাও সম্ভব। তিনি বলেন, জাতীয় জনসংখ্যানীতি যুগোপযোগী করার কাজ চলছে। পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও জোরদার করার জন্য দুর্গম ও অনুন্নত এলাকাগুলোকে নির্ধারণ করে সেসব এলাকায় প্রচারকাজ চালানো হচ্ছে। দম্পতিদের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উত্সাহিত করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।ইমাজউদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে রুহুল হক বলেন, দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পর্যায়ক্রমে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হবে। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ইউনিয়নে একটি করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নির্মাণ করা হবে।জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত এক বছরে বিভিন্ন হাসপাতালে ৮৫টি অ্যাম্বুলেন্স ও ২৮টি এক্স-রে মেশিন সরবরাহ করা হয়েছে। তিনি জানান, দেশে বর্তমানে ৭১৩টি সরকারি হাসপাতাল রয়েছে। এর মধ্যে জাতীয় পর্যায়ে ১৫টি, বিভাগীয় পর্যায়ে ৫৬টি, জেলা পর্যায়ে ২২১টি ও উপজেলা পর্যায়ে ৪২১টি হাসপাতালে রয়েছে।