দেশে প্রজননস্বাস্থ্যের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, স্বাস্থ্য খাতে দেশে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও প্রজননস্বাস্থ্যে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। বাল্যবিবাহ, অল্প বয়সে গর্ভধারণ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর অপর্যাপ্ততা এবং এ বিষয়ে জ্ঞানের অভাবে প্রজননস্বাস্থ্যের অগ্রগতি পিছিয়ে পড়েছে। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে অবস্থিত শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে ‘বাংলাদেশের যুবদের জন্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) ৫-এর খ বাস্তবায়ন: সার্বজনীন প্রজননস্বাস্থ্য নিশ্চিতকরণে যুব-ছায়া’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিবেদনটি যৌথভাবে তৈরি করেছে এফপিএবি এবং ইন্টারন্যাশনাল প্ল্যান্ড প্যারেন্টহুড ফেডারেশন (আইপিপিএফ)। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, নারীর প্রসব ও গর্ভকালীন সমস্যাগুলো তাঁকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। এতে পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, এমডিজি ৫ অর্থাৎ প্রজননস্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। এমডিজি অর্জনে জনগণের শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। এ জন্য সরকারি উদ্যোগের সঙ্গে যুবসমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।অনুষ্ঠানে যুব-ছায়া প্রতিবেদনটি উপস্থাপন করেন মাহফুজা রহমান, মাইনুল ইসলাম, কামাল পারভেজ ও পারিজাত খাতুন। প্রতিবেদনে শিক্ষাপ্রতিষ্ঠানে যুব স্বাস্থ্য ক্লিনিক প্রবর্তন, শিক্ষক-প্রশিক্ষণ ও শিক্ষা কারিকুলামে যুবদের প্রজননস্বাস্থ্য বিষয় অন্তর্ভুক্ত করা, যুবদের প্রজননস্বাস্থ্যের যে অপূর্ণ চাহিদা থাকে, তা পূরণ করার সুপারিশ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, প্রতিবেদনটি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে উপস্থাপন করা হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও এফপিএবির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনএফপিএর এ দেশীয় উপপ্রতিনিধি (ডেপুটি রিপ্রেজেন্টেটিভ) ইউকি সুইহিরো, এফপিএবির সহসভাপতি পাপড়ি বসু, ভারপ্রাপ্ত মহাপরিচালক কে এম তারেক বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।